স্বল্প মেয়াদের ভ্রমণ আরও সহজ করা এবং পর্যটন খাতে নতুন গতি আনার লক্ষ্যে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করেছে ওমান (Oman)। বিদেশি নাগরিকদের বাসস্থান আইনের নির্বাহী বিধিমালায় নতুন সংশোধনী এনে এই সুবিধা কার্যকর করা হয়েছে।
রয়্যাল ওমান পুলিশের (Royal Oman Police) সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর অধীনে এই পরিবর্তন আনা হয়েছে। পুলিশ ও শুল্ক বিভাগের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি (Hassan bin Mohsin Al Shuraiqi) সিদ্ধান্তটি জারি করেন।
সংশোধিত নিয়মটি অফিসিয়াল গেজেটে প্রকাশের পরদিন থেকেই কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব দেশের নাগরিকদের যোগ্য হিসেবে বিবেচনা করবে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে এই ভিসা দেওয়া যাবে। অর্থাৎ ১৪ দিনের এই ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ফি দিতে হবে না; এর নির্ধারিত মূল্য রাখা হয়েছে শূন্য ওমানি রিয়াল।
তবে এই সুবিধার মেয়াদ ১৪ দিনেই সীমিত থাকবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পর্যটক চাইলে প্রযোজ্য শর্ত পূরণ এবং প্রয়োজনীয় ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো ক্যাটাগরির ট্যুরিস্ট ভিসায় পরিবর্তন বা রূপান্তর করতে পারবেন।
এখনো কোন কোন দেশের নাগরিকরা এই বিনামূল্যের ভিসা সুবিধা পাবেন, তার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব দেশ নির্ধারণ করবে, কেবল সেসব দেশের নাগরিকরাই নতুন এই সুযোগের আওতায় আসবেন।
সূত্র: গালফ নিউজ (Gulf News)


