ঢালিউডের জনপ্রিয় ও বহুল চর্চিত অভিনেত্রী পরীমনি (Pori Moni)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)-কে পেছনে ফেলেছেন তিনি। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানকে অনুসরণ করছেন ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ। সেই হিসাবে দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষ অবস্থানে এগিয়ে রয়েছেন পরীমনি।
তবে অনুসারীর সংখ্যায় এগিয়ে গেলেও সাকিবের সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন এই অভিনেত্রী। সাকিবকে আন্তর্জাতিক তারকা উল্লেখ করে পরীমনি মনে করেন, তার সঙ্গে নিজের তুলনা চলে না।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পরীমনি। তিনি বলেন, ‘সাকিব আল হাসান একজন আন্তর্জাতিক মানের মানুষ, বিশ্বজুড়ে তার পরিচিতি ও জনপ্রিয়তা। আর আমি তো দেশের গণ্ডি পেরিয়ে তেমন কোনো কাজই করিনি। সেই জায়গা থেকে তার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না।’
একই সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য এবং প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়ার বিষয়টিও তুলে ধরেন পরীমনি। ব্যক্তিগত জীবনের যেকোনো ছবি বা ঘটনা ঘিরে মানুষের প্রতিক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
পরীমনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গা’\লি খাই! সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’
এ সময় নিজের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা (Argentina)-কে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। আর্জেন্টিনার হার নিয়ে তার অনুভূতি জানতে চাইলে স্বভাবসুলভ রসিকতায় তিনি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব—জিতলে।’


