গানের প্রতি ভালোবাসার এক ভিন্ন দৃষ্টান্ত দেখালেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। অস্ত্রোপচারের সময় শারীরিক অস্বস্তির মধ্যেও গান থামাননি তিনি। বরং চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান শুনিয়ে সেই কঠিন সময়টিকেও ভিন্নভাবে উপভোগ্য করে তুলেছেন। এরই মধ্যে অস্ত্রোপচারের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাধারণত অস্ত্রোপচারের আগে কিংবা চিকিৎসা চলাকালীন রোগীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করে। কিন্তু সোনু নিগমকে দেখা গেছে একেবারেই ভিন্ন ভূমিকায়। শারীরিক অস্বস্তির মধ্যেও নিজের মন ভালো রাখতে গান গাওয়ার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদেরও আনন্দ দিয়েছেন তিনি। তার কণ্ঠে গান শুনে হাসপাতালের পরিবেশেও তৈরি হয় অন্যরকম এক আবহ।
হাসপাতাল থেকে প্রকাশিত সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোনু লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান।’
ভিডিওতে সোনু নিগমের কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলার সময়ও তিনি গানটি গেয়ে শোনান। তার কণ্ঠে গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যেও তৈরি হয় আনন্দময় পরিবেশ।
সোনুর এই ইতিবাচক মানসিকতা ও দৃঢ়তার প্রশংসা করেছেন তার ভক্তরা। অনেকের মতে, কঠিন ও অস্বস্তিকর পরিস্থিতিতেও সংগীত মানুষের মনে স্বস্তি ও সাহস জোগাতে পারে—সোনু নিগমের এই ঘটনাটি তারই একটি দৃষ্টান্ত।
তবে সোনু নিগম কী ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন, সে বিষয়ে তিনি নিজে কোনো তথ্য জানাননি।


