অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিংয়ে দীপিকা, অ্যাকশন দৃশ্যে পেশাদারিত্বের নতুন নজির

কাজের সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই পেশাদারিত্বের ভিন্ন এক দৃষ্টান্ত সামনে এনেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও নতুন সিনেমার শুটিংয়ে দিন-রাত পরিশ্রম করে চলেছেন তিনি। শারীরিক প্রতিকূলতার মধ্যেও পর্দায় ফুটিয়ে তুলছেন জটিল অ্যাকশন দৃশ্য।

কয়েক দিন আগেই কাজের শিফট নিয়ে কঠোর শর্ত দেওয়ার কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি ২’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা। বিষয়টি নিয়ে ভক্ত ও সমালোচকদের একাংশের মধ্যে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে বর্তমানে নিজের কাজের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে সেই বিতর্কের বিপরীত চিত্রই তুলে ধরছেন এই অভিনেত্রী।

আগামী অক্টোবরেই দীপিকা ও রণবীর সিং দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে। কিন্তু প্রথম সন্তানের সময়ের মতো এবার আগেভাগে মাতৃত্বকালীন বিরতি নেননি তিনি।

শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করে বর্তমানে পরিচালক অ্যাটলির নতুন মেগাবাজেট সিনেমা ‘রাকা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। চুক্তিবদ্ধ হওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সন্তান জন্মের আগেই নিজের অংশের কাজ শেষ করতে আউটডোর লোকেশনে বিরামহীনভাবে কাজ করছেন তিনি।

‘রাকা’ ছবির ইউনিট সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরও দীপিকা নিয়মিত রাতের শিফটে শুটিং করছেন। শুধু স্থির দৃশ্য নয়, শারীরিক ঝুঁকি নিয়ে অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি। সেটে তার এই একাগ্রতা সহকর্মীদের কাছেও অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে।

শুটিংয়ের দীর্ঘ সময় পার করার পরও দায়িত্ব শেষ হচ্ছে না তার। সারাদিনের কাজ শেষে বাড়িতে থাকা দেড় বছর বয়সী বড় মেয়েকেও সময় দিতে হচ্ছে দীপিকাকে। ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব—দুই দিক সামলেই এগিয়ে চলেছেন তিনি।

পরিচালক অ্যাটলি নির্মিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দীপিকাকে সম্পূর্ণ নতুন এক চরিত্রে দেখা যাবে। চলতি মাসেই ‘রাকা’র শুটিং শেষ করে চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে তার।

তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও এভাবে শারীরিক পরিশ্রম এবং ঝুঁকি নিয়ে কাজ করায় প্রিয় অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তদের অনেকে।

বলিউডের নায়িকাদের গর্ভাবস্থায় কাজ করার নজির থাকলেও দীপিকার মতো গর্ভাবস্থার শেষ পর্যায়েও অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ব্যক্তিগত জীবনের দায়িত্বের পাশাপাশি পেশাগত অঙ্গনে দেওয়া প্রতিশ্রুতি ধরে রাখার এই চেষ্টা এখন চলচ্চিত্র অঙ্গনের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।