রাতের ফোনে সানি দেওলের বকুনি, বহু বছর পর সেই ঘটনা জানালেন প্রীতি জিনতা

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা (Preity Zinta)। তবে সম্প্রতি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর জনপ্রিয় অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)-র মঞ্চে হাজির হয়ে বহু বছর আগের একটি মজার স্মৃতি সামনে আনলেন তিনি। জানালেন, একবার কোনো প্রস্তুতি ছাড়াই অভিনেতা সানি দেওলের বকুনির মুখে পড়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি অনেক বছর আগের। প্রীতি এবং ববি দেওল (Bobby Deol) দীর্ঘদিনের বন্ধু। সেই সময় ববি দেওলকে সঙ্গে নিয়ে প্রীতি ও তাদের কয়েকজন বন্ধু কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

পরিকল্পনা অনুযায়ী, এক রাতে ববিকে ফোন করে বিষয়টি জানানোর দায়িত্ব পড়ে প্রীতির ওপর। তখনও মোবাইল ফোন এতটা প্রচলিত ছিল না। ফলে প্রীতি ফোন করেন দেওল পরিবারের বাড়ির ল্যান্ডলাইন নম্বরে।

কিন্তু ফোন করার সময় প্রীতি একেবারেই ভাবেননি, ওপাশ থেকে ববি দেওলের বদলে ফোনটি ধরবেন তার বড় ভাই সানি দেওল (Sunny Deol)।

সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে প্রীতি জানান, তিনি তখন ঘড়ির দিকে তাকাননি। সময় আনুমানিক রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হবে। ফোন ধরার পর সানিকে ‘হ্যালো’ বলে তিনি ববির সঙ্গে কথা বলতে চান। কিন্তু এত রাতে ফোন আসায় সানি দেওল প্রচণ্ড বিরক্ত হয়ে তাকে বলেন, “কারও বাড়িতে ফোন করার কি এটাই সময়?”

সানির গম্ভীর কণ্ঠে এমন প্রশ্ন শুনে রীতিমতো ঘাবড়ে যান প্রীতি। তার ওপর অভিনেতার বিখ্যাত ‘আড়াই কিলোর হাত’-এর কথাও তখন মাথায় চলে আসে। ফলে কোনো ব্যাখ্যা দেওয়ার সাহস না করে দ্রুত ফোন রেখে দেন তিনি।

ঘটনাটি স্মরণ করে সানি দেওল অবশ্য মজার ছলেই জানান, তাদের পরিবারে শৃঙ্খলা ছিল বেশ কঠোর। দেওল পরিবারে নিয়ম ছিল, রাত আটটার পর বাড়ির বাইরে যাওয়া কিংবা কারও সঙ্গে কথা বলা বারণ।

বিশেষ করে ছোট ভাই ববি দেওলকে সানি নিজের সন্তানের মতোই আগলে রাখতেন। তার প্রতি বড় ভাই হিসেবে সানির দায়িত্ববোধ যেমন ছিল, তেমনি শৃঙ্খলার প্রশ্নেও তিনি বরাবরই কঠোর ছিলেন।

সেই কঠোর পারিবারিক অনুশাসনের কারণেই বহু বছর আগে গভীর রাতে ববিকে ফোন করতে গিয়ে সানি দেওলের বকুনির মুখে পড়তে হয়েছিল প্রীতি জিনতাকে। এত বছর পর ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে সেই পুরনো ঘটনাই হাস্যরসের সঙ্গে স্মরণ করলেন অভিনেত্রী।