বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর (Urmila Matondkar)-এর সাবেক স্বামী মহসিন আখতার মীর (Mohsin Akhtar Mir) সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের প্রীতিভোজের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। একই সঙ্গে কাশ্মীরের শ্রীনগরভিত্তিক সাবেক অভিনেত্রী ও মডেল স্ত্রী নিধা ভাট (Nida Bhat)-কে ঘিরে লিখেছেন আবেগঘন এক বার্তা। সেখানে মহসিন জানিয়েছেন, নিধা তার কাছে শুধু স্ত্রী নন; ধীরে ধীরে হয়ে উঠেছেন তার জীবনের ‘ঘর’ এবং ‘শান্তিস্থল’। আর মহসিনের সেই পোস্ট প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে উর্মিলা মাতণ্ডকরের একটি রহস্যময় বার্তা নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
মহসিনের শেয়ার করা প্রীতিভোজের ছবিগুলোতে তাকে দেখা গেছে গোলাপি শেরওয়ানিতে। অন্যদিকে লাল পোশাকে নজর কেড়েছেন নিধা ভাট। ছবিগুলো প্রকাশ করে স্ত্রীকে উদ্দেশ করে মহসিন লিখেছেন— তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার ঘর, আমার শান্তি এবং প্রতিদিনের সবচেয়ে প্রিয় অংশ হয়ে উঠেছ। তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।
সেখানেই থামেননি মহসিন। স্ত্রীকে ঘিরে ভবিষ্যতের প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন তিনি। তার ভাষায়, জীবনের প্রতিটি অধ্যায়ে নিধাকে আগলে রাখবেন, পাশে থাকবেন এবং ভালোবাসবেন। এই সম্পর্ক ও ভালোবাসার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকার কথাও উঠে এসেছে তার বার্তায়।
চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন মহসিন আখতার মীর। তখনও সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরুর অনুভূতিও স্পষ্ট ছিল সেই লেখায়।
মহসিন তখন লিখেছিলেন— বিশুদ্ধ উদ্দেশ্য, সৎ ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয়। নিজের আত্মাকে পবিত্র রাখুন। বিশ্বাস রাখুন, আল্লাহর লেখা চিত্রনাট্য সবসময়ই ভালো। তার নির্ধারিত সঠিক সময়ে আমার সুন্দরী স্ত্রী নিধাকে আমি পেয়েছি। উপরওয়ালা আশীর্বাদ করেছেন। তুমি আমার জীবনে আলো এনেছ। তাই তোমাকে ধন্যবাদ, ভালোবাসা।
তবে মহসিনের এমন আবেগঘন বার্তার মধ্যেই সাবেক স্ত্রী উর্মিলার একটি ইনস্টাগ্রাম (Instagram) স্টোরি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। সেখানে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও উর্মিলা লিখেছেন— আমি দামি জিনিস পছন্দ করি। যেমন— ভালোবাসা, আনুগত্য ও সময়।
মহসিন আখতার মীর এর আগে অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের স্বামী ছিলেন। ২০১৪ সালে তাদের প্রথম পরিচয়। পোশাকশিল্পী মনীশ মালহোত্রা (Manish Malhotra)-র ভাইঝির বিয়ের অনুষ্ঠানে প্রথম আলাপ হয়েছিল দুজনের। পরিচয়ের পর সম্পর্ক এগিয়ে যায় এবং ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আড়ম্বরহীন এক অনুষ্ঠানে বিয়ে করেন তারা।
সে সময় উর্মিলা ও মহসিনের বিয়ে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। তাদের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধানও ছিল আলোচনার অন্যতম বিষয়। পাশাপাশি ভিন্নধর্মী বিয়ে হিসেবেও তাদের সম্পর্ক নিয়ে সে সময় নানা কথা হয়েছিল। তবে প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর শেষ পর্যন্ত তাদের সম্পর্কে চিড় ধরে।


