‘ডাক্তার কাকু’ হয়ে ফিরছেন প্রসেনজিৎ, পিছিয়ে গেল মুক্তির তারিখ

‘অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। ‘ডাক্তার কাকু’ ছবিতে তাকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে। নতুন এই অবতারে অভিনেতাকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

গত জুলাইয়ে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছিলেন প্রসেনজিৎ। তখন তিনি জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘ডাক্তার কাকু’। সেই ঘোষণার পর থেকেই সিনেমাটির মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকেরা।

তবে নির্ধারিত সেই তারিখে আর মুক্তি পাচ্ছে না সিনেমাটি। নতুন ঘোষণায় জানানো হয়েছে, ‘ডাক্তার কাকু’ বড় পর্দায় আসবে আগামী ১৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে নিজেই মুক্তির তারিখ পরিবর্তনের খবর জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

নতুন পোস্টারে চিকিৎসকের বেশে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে কলকাতার এই তারকাকে। পোস্টারটির ভাবনাতেও রয়েছে আলাদা ইঙ্গিত। সেখানে দাঁড়িপাল্লার এক পাশে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা, অন্য পাশে রয়েছেন মুমূর্ষু রোগী। এর পাশাপাশি আকাশে উড়তে দেখা যাচ্ছে কাগজের তৈরি প্লেন। সব মিলিয়ে পোস্টারটিতে অর্থ ও জীবনের মূল্যের মধ্যে একটি বৈপরীত্য তুলে ধরা হয়েছে।

পোস্টারটি প্রকাশ করে ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছাক (৪ থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!’

অর্থাৎ মুক্তির তারিখ দুই সপ্তাহ পিছিয়ে গেলেও সিনেমাটি নিয়ে তার আগ্রহে যে ভাটা পড়েনি, সেই বার্তাই দিয়েছেন অভিনেতা। তবে ঠিক কী কারণে ‘ডাক্তার কাকু’র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হলো, তা এখনও স্পষ্ট নয়।

সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটির পরিচালক পাভেল নিজেও।

‘ডাক্তার কাকু’তে চিকিৎসকের চরিত্রে প্রসেনজিৎকে কেমনভাবে উপস্থাপন করা হয়েছে, তা জানতে এখন অপেক্ষা করতে হবে নতুন মুক্তির তারিখ ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।