তিন দিনেই ১১০ কোটি ছাড়াল ‘আওয়ারাপন ২’, ইমরান হাশমির পুরোনো রেকর্ডও ভাঙল

বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয়তা এবং পুরোনো দিনের নস্টালজিয়াকে ভর করে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘আওয়ারাপন ২’। মাত্র তিন দিনেই সিনেমাটি ভারতে ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট এবং ৯৮ কোটি ১০ লাখ রুপি গ্রস আয় করেছে। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করলে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

তৃতীয় দিনে আয় কত?

ভারতের স্বাধীনতা দিবসের তুলনায় রোববার (১৬ আগস্ট) ‘আওয়ারাপন ২’-এর আয় কিছুটা কমেছে। এদিন ৯ হাজার ৪০৩টি প্রদর্শনী থেকে সিনেমাটি প্রায় ২৬ কোটি রুপি আয় করেছে। আন্তর্জাতিক বাজারেও রোববার ছবিটির সংগ্রহ হয়েছে প্রায় ৪ কোটি রুপি। ফলে তৃতীয় দিনের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

স্বাধীনতা দিবসের বক্স অফিস লড়াইয়েও স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল ‘আওয়ারাপন ২’। ওই দিন সিনেমাটি আয় করে ৪০ কোটি ৫০ লাখ রুপি। একই দিনে ‘তামিল বিশ্বনাথ অ্যান্ড সন্স’ আয় করে ২৬ কোটি রুপি, ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ রুপি এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করে ১২ কোটি রুপি।

ইমরানের পুরোনো রেকর্ড ভাঙল

মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে যায় মূল ‘আওয়ারাপন’-এর পুরো সময়ের আয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ভারতে মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল। নতুন সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সেই সংগ্রহ পেছনে ফেলে দেয়।

এরপর শনিবারের মধ্যেই ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার চূড়ান্ত আয়ও ছাড়িয়ে যায় ‘আওয়ারাপন ২’। সেই তালিকায় রয়েছে ‘হক’, যার মোট আয় ছিল ২০ কোটি রুপি; ‘রাজ ২’, ২৫ কোটি ৫০ লাখ রুপি; ‘এক থি ডায়ান’, ২৬ কোটি রুপি এবং ‘জান্নাত’, ৩০ কোটি রুপি।

এভাবে এগোতে থাকলে ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির একক নায়ক হিসেবে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়ে উঠতে পারে।

কী আছে ‘আওয়ারাপন ২’-এ?

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ শুরুতে বক্স অফিসে বড় ধরনের সাফল্য পায়নি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটির গান, আবেগঘন গল্প এবং ইমরান হাশমির অভিনয় ধীরে ধীরে ছবিটিকে কাল্ট সিনেমার মর্যাদা এনে দেয়।

সেই পুরোনো জনপ্রিয়তা এবং নস্টালজিয়াই ‘আওয়ারাপন ২’-এর প্রতি দর্শকের আগ্রহ তৈরিতে বড় ভূমিকা রাখছে। নিতিন কক্করের পরিচালনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন বিশেষ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও ইমরানের ভক্তরা তার অভিনয়, ব্যক্তিত্ব এবং পর্দায় উপস্থিতির প্রশংসা করছেন। ফলে সমালোচকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকের উচ্ছ্বাসও ছবিটির বক্স অফিস সাফল্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আসছে কি ‘আওয়ারাপন ৩’?

‘আওয়ারাপন ২’-এর বিশেষ প্রদর্শনীতে মুম্বাইয়ে দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইমরান হাশমি ‘আওয়ারাপন ৩’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সিক্যুয়েলে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন তিনি। সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে ওই প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকদের প্রতিক্রিয়াও শুনেছেন অভিনেতা।

ইমরান বলেন, এই সিনেমা নির্মাতাদের চেয়ে ভক্তদের বেশি। তাই তারা আবার ফিরে এসেছেন।

এক দর্শক যখন ‘আওয়ারাপন ২’ সুপারহিট হবে বলে মন্তব্য করেন, তখন ইমরান বলেন, সিনেমা এখনো শেষ হয়নি, দ্বিতীয়ার্ধ আরও ভালো।

এরপরই ‘আওয়ারাপন ৩’ নিয়ে সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি। ইমরানের কথায়, আশা করা যায়, খুব শিগগিরই আসছে ‘আওয়ারাপন ৩’।