শাহরুখের ‘মান্নাত’-এ জোড়া সাপ, একটি উদ্ধার হলেও অন্যটি নিখোঁজ

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ নিরাপদে উদ্ধার করা হলেও অন্যটি সেখান থেকে পালিয়ে যায়।

সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে পৌঁছান। পরে তিনি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানান।

ভিকি দুবে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে ‘ধামান’ বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক হিসেবে শনাক্ত করা হয়। সাপটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয় বলে জানান তিনি।

তবে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, উদ্ধার করা সাপটি বিষহীন হওয়ায় এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।