রোমের হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগ জেমস ও সফরসঙ্গীদের বিরুদ্ধে, দাবি ২০০ ইউরো

ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেলের কক্ষ নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। কক্ষটি পরিচ্ছন্ন করতে ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তার সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। তারা চেক-আউট করার পর কক্ষটির কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী, হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মোয়াজকে পাঠানো এক বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। হোটেল কর্তৃপক্ষের পাঠানো ছবিতে মেঝেতে ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ডাইনিং টেবিলেও ছিল ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ ও খাবারের উচ্ছিষ্ট।

শুধু ডাইনিং এলাকা নয়, রান্নাঘরের সিঙ্কেও অপরিষ্কার থালা-বাসনের ওপর কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়। কক্ষের অন্যান্য অংশেও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিস ও আবর্জনার স্তূপের ছবি দেখা গেছে।

হোটেল ম্যানেজমেন্টের বার্তায় বলা হয়, ‘শুভ সকাল মোয়াজ, এগুলো সেই অতিথিদের অ্যাপার্টমেন্ট, যারা আজ সকালে সুবিধাটি ছেড়ে গেছে… আমরা কোনো মন্তব্য করব না, তবে আপনার দ্রুত প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব।’

বার্তাটিতে আরও জানানো হয়, ভবিষ্যতে ওই হোটেলের সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য নির্ধারিত এই অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের সেখানে কক্ষ দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

আয়োজক পক্ষের বিরুদ্ধেও অভিযোগ

এদিকে, রোমের ওই কনসার্টকে ঘিরে আয়োজক পক্ষ থেকে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তোলা হয়েছে। তবে এই অভিযোগের বিস্তারিত তথ্য বা এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতেই অভিযোগগুলো সামনে এসেছে। তবে এসব অভিযোগ নিয়ে এখনো জেমস, তার ম্যানেজার রবিন কিংবা তার সফরসঙ্গীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফলে হোটেল কক্ষের প্রকৃত অবস্থা, পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো পরিশোধের বিষয়টি এবং আয়োজক পক্ষের পক্ষ থেকে ওঠা অন্যান্য অভিযোগ—সবকিছুই আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।