নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, প্রস্তুতির নির্দেশ হোয়াইট হাউজকে

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠকে বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে এই বৈঠক আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউজের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী ২১টি দেশের জোট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে চীনের শেনঝেন শহরে। জোটটির অন্যতম সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন ট্রাম্প। আর সেই সফরের সময়ই কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চান তিনি।

ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্ভাব্য এই বৈঠক নিয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউজের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল ডব্লিউএসজে। জবাবে একজন মুখপাত্র বলেন, যথাযথ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। দলের কোনো সদস্য এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

আগেও তিনবার বৈঠক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। নিজের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে মোট তিনবার বৈঠকে বসেছিলেন ট্রাম্প।

২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠক করেন দুই নেতা। পরের বছর ২০১৯ সালে তাদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় ভিয়েতনামের হ্যানয়ে।

এরপর ২০১৯ সালের জুনে তৃতীয়বার মুখোমুখি হন ট্রাম্প ও কিম। ওই বৈঠকটি হয়েছিল উত্তর কোরিয়ার একটি বেসামরিক এলাকায়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন ট্রাম্প।

ফলে নভেম্বরে সম্ভাব্য বৈঠকটি বাস্তবে অনুষ্ঠিত হলে কিম জং উনের সঙ্গে ট্রাম্পের এটি হবে চতুর্থ বৈঠক। চীন সফরের সময় এই বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।