জেলে থাকাকালে বিচ্ছেদের গুঞ্জনে ভেঙে পড়েছিলেন রাজ কুন্দ্রা, জীবন শেষ করার কথাও ভেবেছিলেন

পর্নো\গ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী-অভিনেতা রাজ কুন্দ্রাকে। সেই কঠিন সময়ে স্ত্রী শিল্পার সঙ্গে তার বিচ্ছেদ হতে চলেছে—এমন খবর ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাজ। পরিস্থিতি একপর্যায়ে এতটাই খারাপ হয়ে যায় যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন তিনি।

২০২১ সালে পর্নো\গ্রাফি-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। কারাগারের কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যেই বাইরে ছড়িয়ে পড়ে শিল্পা শেঠি ও রাজের বিচ্ছেদের গুঞ্জন।

রাজের দাবি, জেলে থাকাকালে শিল্পা তার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন—এমন খবর তাঁর কানে পৌঁছেছিল। এতে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন। অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণায় রাতের পর রাত ঘুমাতে পারেননি। একপর্যায়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও তার মাথায় আসে।

তবে পরদিন সকালে জেল থেকে শিল্পাকে ফোন করেন রাজ। সেই ফোনালাপেই দূর হয় তার সব বিভ্রান্তি। শিল্পা তাকে স্পষ্ট করে জানান, বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা। পরিস্থিতি যত কঠিনই হোক, তিনি স্বামীর পাশে আছেন।

শিল্পার সেই আশ্বস্ত করা কথাই রাজকে নতুন করে মানসিক শক্তি দেয়। কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানোর সাহস পান তিনি। পরে রাজ দাবি করেন, পুরো ঘটনাটিই তার বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল। ২০২১ সালে জামিনে মুক্তি পান তিনি।

কারাগারে কাটানো সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে রাজ জানিয়েছিলেন, সেখানে তাঁকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিন পার করতে হয়েছে। অনেক সময় শুধু পানি ও বিস্কুট খেয়েই থাকতে হয়েছে। এর ফলে জেলে থাকাকালে তাঁর প্রায় ১৭ থেকে ১৮ কেজি ওজন কমে যায়।

রাজ কুন্দ্রার জীবনের সেই কঠিন অধ্যায় নিয়ে পরবর্তী সময়েও নানা আলোচনা হয়েছে। তবে ওই সময়ে স্ত্রী শিল্পা শেঠি তার পাশে থাকার কথা জানিয়েছিলেন। রাজের জন্য মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে শিল্পার সেই সমর্থন অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সূত্র: দ্য ওয়াল