‘টক্সিক’-এ নাদিয়া চরিত্র নিয়ে মুখ খুললেন কিয়ারা, অচেনা জগতকে গ্রহণের অভিজ্ঞতা জানালেন

‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাকে ঘিরে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সিনেমার ‘তাবাহি’ গানটি প্রকাশের পর কিয়ারা আদভানি ও ইয়াশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই সিনেমায় ‘নাদিয়া’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবং শুটিংয়ের সময়কার উপলব্ধি নিয়ে মুখ খুলেছেন কিয়ারা।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে ‘টক্সিক’-এর শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে কিয়ারা লেখেন, সিনেমার একটি সুন্দর দিক হলো—এটি মানুষকে এমন সব জগতে প্রবেশের সুযোগ করে দেয়, যেগুলো সম্পর্কে আগে কখনো জানা ছিল না। কখনো কখনো সেই অভিজ্ঞতা সত্যিকার অর্থেই নতুন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

নিজের চরিত্র ও শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে কিয়ারা আরও জানান, প্রতিটি নতুন চরিত্র, প্রতিটি নতুন সেট এবং প্রতিটি কঠিন চ্যালেঞ্জ তাকে এমন কিছু শেখায়, যা আগে তিনি জানতেন না যে করতে পারেন। তার মতে, এই সিনেমা তাকে অচেনা বিষয়কে স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করতে, কৌতূহলী থাকতে, শিখতে এবং পুরো অভিযাত্রার মধ্যেই আনন্দ খুঁজে নিতে শিখিয়েছে।

কিয়ারা বলেন, তার কাছে বেড়ে ওঠার অর্থ সবসময়ই এমন বিষয়কে ‘হ্যাঁ’ বলা, যেগুলো মানুষকে সামান্য হলেও ভয় দেখায়। এরপর যে যাত্রা শুরু হয়, সেটিকে ভালোবাসাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

নিজের বক্তব্যের শেষে অভিনেত্রী নতুন দক্ষতা, নতুন অভিযান এবং এমন এক আবেগের কথা তুলে ধরেন, যা তাকে বারবার নতুন কিছুতে ঝাঁপ দিতে আগ্রহী রাখে।

‘টক্সিক’-এ কিয়ারার সহশিল্পী ইয়াশ এর আগেও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। ‘আপ কি আদালত’-এ এক প্রশ্নের জবাবে কিয়ারাকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করেন তিনি।

সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে ইয়াশ ব্যাখ্যা করেন, দুই চরিত্র একে অপরকে খুব ভালোবাসে। তারা এমনভাবে এগিয়ে যায়, যেন পৃথিবী কী বলছে, তাতে তাদের কিছু যায় আসে না। সেই বিষয়টি দেখানোর জন্যই এমন দৃশ্যের প্রয়োজন ছিল। একইসঙ্গে তিনি জানান, এমন দৃশ্যে অভিনয়ের সময় অভিনেতারাও সবসময় নার্ভাস থাকেন।

ইয়াশ আরও বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় অভিনেতাদের নিজেদের চুল, শরীর এবং দেখতে কেমন লাগছে—এসব নিয়েও ভাবতে হয়। তার মতে, এটিই একজন অভিনেতার কাজ। দর্শকদের অভিনেতা হিসেবে নয়, বরং চরিত্র হিসেবে তাদের দেখা উচিত।

এর আগে ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশের সময়ও কিয়ারার পেশাদারত্বের প্রশংসা করেছিলেন ইয়াশ। তিনি জানিয়েছিলেন, সিনেমাটির কাজ অত্যন্ত কঠিন ছিল। এমনকি শুটিংয়ের সময় কিয়ারার শারীরিক অবস্থার বিষয়েও তিনি এবং নির্মাতা গীতু মোহানদাস উদ্বিগ্ন ছিলেন।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় ইয়াশ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: হিন্দুস্থান টাইমস