রামদেবের কটাক্ষের জবাব কঙ্গনার, ‘আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো’

‘গাটার জেনারেশন’ মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছিলেন যোগগুরু ও ব্যবসায়ী রামদেব। তাঁর সেই মন্তব্যের জবাব এবার প্রকাশ্যেই দিলেন ‘কুইন’ সিনেমার অভিনেত্রী। বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে উদ্দেশ্য করে পালটা কটাক্ষ করেন কঙ্গনা।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কঙ্গনা রানাউত লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব আর কানাঘুষার ভিত্তিতে যা খুশি ভাবাই যায়! কিন্তু অন্তত আমার বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এর জন্য সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এটি কোনো গুজব বা অনুমান নয়, তথ্য রয়েছে। তাই আমাকে চরিত্রের শিক্ষা দেবেন না। আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি।’

কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্য নিয়ে এর আগে এক সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন রামদেব। তিনি বলেন, ‘ওর শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল? আগের কীর্তিগুলো কেমন ছিল? আমি এ ধরনের মানুষকে নিয়ে কথা বলতে চাই না। দেশের কোনো যুবককে ‘নর্দমা’ বলা বিকৃত মানসিকতার লক্ষণ। এটা চরম ভুল। তার দলের লোকজনেরও বিষয়টি লক্ষ করা উচিত।’

সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তাঁর যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন। জবাবে রামদেব প্রশ্ন তোলেন, কেউ তাঁর যোগের প্রশংসা করলেই তিনি কি সেই ব্যক্তির পাপকাজ ঢেকে রাখবেন?

রামদেবের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কঙ্গনা তাঁর জবাব কীভাবে দেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে ব্যক্তিগত চরিত্র নিয়ে রামদেবের মন্তব্যের পালটা জবাবের পাশাপাশি ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। ফলে দুই পরিচিত ব্যক্তিত্বের এই পালটা বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।