আয়ারল্যান্ডে ১৯ শতকের একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। স্ত্রী প্রিসিলা চ্যান (Priscilla Chan)-কে সঙ্গে নিয়ে তিনি ‘স্ট্র্যানকালি ক্যাসল’ নামে পরিচিত দুর্গটি কিনেছেন বলে জানিয়েছে দ্য আইরিশ টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ঐতিহাসিক এই দুর্গটি কিনতে জাকারবার্গকে ২ কোটি থেকে ৩ কোটি ইউরো পর্যন্ত ব্যয় করতে হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার সর্বোচ্চ মূল্য প্রায় ৪২৯ কোটি টাকা। তবে সম্পত্তিটির চূড়ান্ত বিক্রয়মূল্য এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে লেনদেনের তথ্য আয়ারল্যান্ডের সম্পত্তি মূল্য নিবন্ধনেও এখনো ওঠেনি।
দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ড (Ireland)-এর ব্ল্যাকওয়াটার ভ্যালিতে ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত দুর্গটি। মেটার ডাবলিনে থাকা আন্তর্জাতিক সদর দপ্তর থেকে এর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
জাকারবার্গের এক মুখপাত্র বলেন, ‘মেটার আন্তর্জাতিক সদর দপ্তর আয়ারল্যান্ডে থাকায় মার্ক ও তার পরিবার এই দুর্গে সময় কাটানোর জন্যও উচ্ছ্বসিত।’
স্ট্র্যানকালি ক্যাসল (Strancally Castle) প্রায় ১৮৩০ সালে সাবেক ব্রিটিশ এমপি জন কেইলির জন্য নির্মাণ করা হয়েছিল। গথিক স্থাপত্যশৈলীতে তৈরি এই দুর্গটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট।
দুর্গটির বিশালত্ব বোঝাতে প্রতিবেদনে একটি মজার তথ্যও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এর রান্নাঘর থেকে খাবার ঘরে পৌঁছাতে দ্রুত হাঁটলেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।
প্রায় ২৫ বছর আগে এই ঐতিহাসিক দুর্গটি কিনেছিলেন বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটাল (RAB Capital)-এর সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা। দীর্ঘ সময় মালিকানায় রাখার পর তারাই এবার দুর্গটি জাকারবার্গের কাছে বিক্রি করেছেন।
এক বিবৃতিতে এই দম্পতি জানান, দীর্ঘ ২৫ বছর ধরে ঐতিহাসিক বাড়িটির যত্ন নেওয়ার পর সেটি নতুন মালিকের হাতে তুলে দিতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, জাকারবার্গ ও তার পরিবারও ভবিষ্যতে দুর্গটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ অব্যাহত রাখবেন।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা (Meta)-র প্রধান নির্বাহী জাকারবার্গের নতুন এই সম্পত্তি এখন তার পরিবারের আয়ারল্যান্ডে সময় কাটানোর একটি আবাস হিসেবেও ব্যবহৃত হবে বলে তার মুখপাত্রের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


