রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসি (BRTC)-র ‘পিংক বাস’ সেবা। নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগ নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার নতুন সুযোগ তৈরি করবে—এমন প্রত্যাশায় ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের অনেক মানুষ। এবার এ উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা (Afiea Nusrat Barsha)।
নিজের পোস্টে বর্ষা জানান, ব্যক্তিগতভাবে গোলাপি রং তার খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া এই পিংক বাস তার নজর কেড়েছে। উদ্যোগটির ভাবনা ও উদ্দেশ্য দুটিই তার ভালো লেগেছে বলে উল্লেখ করেন তিনি।
পিংক বাসে দায়িত্ব নেওয়া নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, এসব নারীকে দায়িত্ব পালন করতে দেখে আরও অনেক নারী নিজেদের স্বপ্নকে বড় করে দেখার সাহস পাবেন। পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানো এবং কর্মজীবনে আত্মনির্ভর হয়ে ওঠার অনুপ্রেরণাও তৈরি হবে তাদের মধ্যে।
বর্ষা বলেন, মেয়েরা এখন প্রাইভেটকার চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, হেলিকপ্টারও চালাচ্ছে। তাহলে বাস চালাতে পারবে না কেন? তার ভাষায়, অবশ্যই পারবে। সুযোগ পেলে নারীরা যে কোনো কাজ দক্ষতার সঙ্গে করতে সক্ষম—এই বিশ্বাসও প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী মনে করেন, বিশেষ করে নারীদের জন্য ভালো ও সম্মানজনক চাকরির সুযোগ পাওয়া অনেক সময় সহজ হয় না। এমন বাস্তবতায় পিংক বাসের মতো উদ্যোগ নারীদের কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বর্ষার ভাষায়, ‘কাজ মানেই সম্মান।’ একজন মানুষ যে কাজই করুন না কেন, সেই কাজের মধ্যে ভালোবাসা, আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
নারীদের আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠার আহ্বান জানিয়ে বর্ষা বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’—এমন বিশ্বাস যেন নারীদের ভেতরে তৈরি হয়। তার মতে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। বরং নিজের কাজকে সম্মানের সঙ্গে গ্রহণ করাটাই গুরুত্বপূর্ণ।
পিংক বাসের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক নারীর জন্য কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বর্ষা। নারী চালকদের উদ্দেশে তিনি সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার শুভকামনা জানান।
তিনি আশা প্রকাশ করেন, পিংক বাসের নারী চালক ও কন্ডাক্টরদের পথচলা দেখে আরও অনেক নারী নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। একই সঙ্গে এই বাসে নিজেও যাত্রী হওয়ার আগ্রহ জানিয়েছেন অভিনেত্রী।
বর্ষা বলেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাব।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও (Tejgaon) বিআরটিসি ডিপোতে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। এই বাসে যাত্রী হিসেবে থাকবেন শুধু নারীরা। একই সঙ্গে চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরাই।
