‘রাকা’য় আল্লু অর্জুনের বিপরীতে খলনায়ক উইল স্মিথ? শুটিং নিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি

‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনের ৪৪তম জন্মবার্ষিকীতে গত ৮ এপ্রিল প্রকাশ করা হয়েছিল তার নতুন ছবি ‘রাকা’র ফাস্ট লুক। সেখানে মাথা ন্যাড়া করা এক রহস্যময় রূপে দেখা যায় আল্লুকে। এবার সেই ছবিতে মূল খলনায়কের চরিত্রে অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

বলিউডের প্রখ্যাত পরিচালক অ্যাটলির নতুন ছবি ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। তার পরিচালিত ‘রাকা’র ফাস্টলুকে আল্লু অর্জুনের মুখের কিছুটা অংশ ঢাকা ছিল নেকড়ের মতো থাবা ও ধারালো নখে। সেই দৃশ্যই ছবিটিকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দেয়।

সূত্রের দাবি, আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন জুটির ‘রাকা’ ছবির মূল খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য গত এক বছর ধরে নির্মাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ‘ব্যাড বয়েজ’খ্যাত উইল স্মিথ। সেই আলোচনার ফল হিসেবেই সাই-ফাই ঘরানার এই ছবির পরবর্তী শুটিং শিডিউলে যোগ দেওয়ার কথা রয়েছে অস্কারজয়ী হলিউড তারকার।

জানা গেছে, ভারতের বাইরে উইল স্মিথের অংশের শুটিং করা হবে। প্রযোজনা সংস্থা সূত্রের খবর, অভিনেতাকে নিয়ে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে। তার দেওয়া তারিখের ওপর ভিত্তি করেই শুটিংয়ের স্থান চূড়ান্ত করা হবে। এমনকি তার কস্টিউমও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

শাহরুখ খানও কি থাকছেন ‘রাকা’য়?

এর আগে ‘রাকা’র একটি বিশেষ ক্যামিও চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরে সেই খবর অস্বীকার করা হয়। তবে এবার আবারও শোনা যাচ্ছে, আগের গুঞ্জনের অবসান ঘটিয়ে শাহরুখ খান নিজেই ছবিটির অংশ হতে চলেছেন।

জানা গেছে, খুব শিগগিরই নিজের অংশের শুটিং শেষ করবেন শাহরুখ। তার শুটিংও হবে বিদেশের মাটিতে। বর্তমানে ‘কিং’ ছবির শেষ গানের শুটিং করছেন তিনি। সেপ্টেম্বরের পরেই ‘রাকা’র জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা রয়েছে বলিউডের এই তারকার।

অন্যদিকে, আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এই মেগা প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুনাল ঠাকুরকে।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রাকা’। প্রায় ৭০০ কোটি টাকারও বেশি বিশাল বাজেটের এই সাই-ফাই ছবিকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোনের পাশাপাশি উইল স্মিথ ও শাহরুখ খানের মতো তারকাদের সম্ভাব্য উপস্থিতি সেই আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

ভারতীয় সিনেমার আগের রেকর্ড ভেঙে ‘রাকা’ নতুন ইতিহাস গড়তে পারে—এমন প্রত্যাশাই এখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে।