আবারও মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)—সামাজিক মাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে নতুন করে এই জল্পনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কারিনার টিমের এক সদস্য অভিনেত্রীর সামনে ছাতা ধরে রয়েছেন। এর ফলে সেখানে উপস্থিত ফটোসাংবাদিকদের ক্যামেরায় কারিনার শরীরের কিছু অংশ আড়ালে পড়ে যায়। আর সেই দৃশ্য থেকেই নেট ব্যবহারকারীদের একাংশ নানা অনুমান করতে শুরু করেন।
কেউ কেউ দাবি করেন, ভিডিওতে অভিনেত্রীর পেট খানিকটা ফুলে থাকা মনে হচ্ছে। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কারিনা হয়তো আবারও অন্তঃসত্ত্বা। খুব অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।
তবে এই গুঞ্জনের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। সূত্রের ভাষ্য অনুযায়ী, কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি পুরোটাই ভুয়া। তিনি মোটেই অন্তঃসত্ত্বা নন। ভাইরাল ভিডিওকে ঘিরে নেট ব্যবহারকারীদের অনুমান থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে।


