বাগদানের সুখবর দিলেন মহসিন খান, হবু স্ত্রী তামান্নাকে নিয়ে প্রকাশ করলেন মনের কথা

ভারতীয় হিন্দি ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন মহসিন খান (Mohsin Khan)। এবার ব্যক্তিজীবনের এক বিশেষ খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিলেন জনপ্রিয় এই অভিনেতা। শনিবার সমাজমাধ্যমে নিজের বাগদানের খবর প্রকাশ করেন তিনি। খবরটি সামনে আসতেই শুভেচ্ছায় ভরে যায় তার পোস্ট। স্বাভাবিকভাবেই অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে উঠে আসে একটি প্রশ্ন— কার সঙ্গে নতুন জীবনের পথে এগোচ্ছেন মহসিন?

জানা গেছে, অভিনেতার হবু স্ত্রীর নাম তামান্না (Tamanna)। বাগদানের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পাওয়ার আনন্দের কথা জানিয়েছেন মহসিন। প্রকাশিত ছবিগুলোতে দুই ধরনের পোশাকে দেখা গেছে এই জুটিকে। কখনও পাশাপাশি দাঁড়িয়ে, কখনও বিশেষ মুহূর্তের আবহে— তাদের বাগদানের ছবিগুলো দ্রুতই নজর কাড়ে অনুরাগীদের।

সমাজমাধ্যমের পোস্টে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহসিন লেখেন, ‘এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি— সারাক্ষণ যে হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে, নাচে-গানে মাতিয়ে রাখছে— আমার জন্যই যেন ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।’

শুধু বাগদানের ঘোষণা দিয়েই থামেননি অভিনেতা। তামান্নার সঙ্গে প্রথম দেখা থেকে শুরু করে তাদের সম্পর্কের নানা স্মৃতিও তুলে ধরেছেন তিনি। সেই স্মৃতিচারণে ছিল প্রথম দেখার মুহূর্ত, প্রথমবার হাত ধরা এবং ধীরে ধীরে একে অন্যের কাছাকাছি আসার অনুভূতি।

মহসিনের ভাষায়, ‘প্রথম যখন আমরা একে অন্যকে দেখি, প্রথম যখন তোমার হাত ধরি, তখন থেকে তোমার প্রথম “হম তো ভাই জ্যায়সে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে” গাওয়া পর্যন্ত, আমি জানতাম আমার ভিতরে কিছু যেন একটা স্থায়ী বসতি করে ফেলেছে। নিজের মনের মানুষ খুঁজে পেয়ে গিয়েছিলাম।’

অভিনেতার কথায় স্পষ্ট, তামান্নার সঙ্গে সম্পর্কটিকে তিনি কেবল বর্তমানের কোনো আকস্মিক অধ্যায় হিসেবে দেখছেন না। বরং মহসিনের বিশ্বাস, তাদের দুজনের গল্প যেন অনেক আগে থেকেই তারায়-তারায় লেখা ছিল। সেই বিশ্বাস ও আবেগ নিয়েই নতুন জীবনের পথচলার কথা জানিয়েছেন তিনি।

নতুন অধ্যায়ের শুরু প্রসঙ্গে মহসিন লেখেন, ‘একসঙ্গে পথচলার, ভালোবাসা, বন্ধুত্ব ও প্রচুর স্মৃতি তৈরির সফর শুরু হল।’

পোস্টের শেষ অংশেও তামান্নাকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা। মহসিনের ভাষায়, তারা একে অপরকে যত প্রতিশ্রুতি দিয়েছেন এবং একসঙ্গে যত স্বপ্ন দেখেছেন, তার সবকিছুর মধ্যেও সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়া। সম্পর্ককে ঘিরে অভিনেতার এই আবেগঘন স্বীকারোক্তিও অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে।

মহসিন ও তামান্নার বাগদানের খবর প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi), স্টিবেন বেন (Stebin Ben), অদৃজা রায় (Adrija Roy) এবং শ্রদ্ধা আর্য (Shraddha Arya)-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী নতুন জীবনের জন্য এই জুটিকে শুভকামনা জানিয়েছেন।

তবে বাগদান সম্পন্ন হলেও সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান কবে হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি মহসিন। ফলে বাগদানের আনন্দের মধ্যেই এখন অনুরাগীদের অপেক্ষা— কবে আসবে অভিনেতার বিয়ের পরবর্তী সুখবর।