সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে চমকে দিয়েছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করতে গিয়ে ক্যামেরার সামনে বেগম খালেদা জিয়ার পরিচিত সাজে হাজির হন তিনি। চমকের সেই উপস্থিতি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন এই অভিনেত্রী।
‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।
ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার এই সাজ ও উপস্থিতি বেগম খালেদা জিয়ার পরিচিত অবয়বকে মনে করিয়ে দিয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মন্তব্যের ঝড়। অনেকেই চমকের নিখুঁত সাজ এবং সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন।
কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, তাকে পুরো খালেদা জিয়ার মতোই লাগছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন।
আরেকদল নেটিজেনের মতে, ভিডিওটি দেখার সময় মুহূর্তের জন্য মনে হচ্ছিল, যেন সত্যিই বেগম খালেদা জিয়া ক্যামেরার সামনে রয়েছেন।
এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
শোবিজে চমকের পথচলা শুরু হয় ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।
‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।


