ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে এবার নতুন একটি চার্জ দিতে হবে। আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ও লেনদেনের হিসাব-নিকাশ নিষ্পত্তির জন্য প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ০.০০৫ ভারতীয় রুপি হারে ‘সেটেলমেন্ট নোডাল এজেন্সি’ বা এসএনএ চার্জ আরোপ করা হচ্ছে।
এই অর্থ বিদ্যুতের মূল ক্রয়মূল্যের বাইরে পরিশোধ করতে হবে। আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে গ্রিড পরিচালনা, বিদ্যুৎ সরবরাহের সময়সূচি নির্ধারণ, মিটারিং, হিসাব সংরক্ষণ এবং লেনদেন নিষ্পত্তির মতো কার্যক্রমের ব্যয় মেটাতেই এ ধরনের চার্জ নেওয়া হয়।
এ জন্য ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি এসএনএ চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট এ চুক্তির বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারত প্রথমে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ০.০১ ভারতীয় রুপি বা এক পয়সা এসএনএ চার্জ দাবি করেছিল। পরে বিপিডিবির সঙ্গে আলোচনার পর তা কমিয়ে প্রতি ইউনিটে ০.০০৫ রুপি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তার ভাষ্য, ভারতের বিদ্যুৎ-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী এ ধরনের চুক্তি করা প্রয়োজন। চুক্তি করতে দেরি হলে ভারত থেকে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের বিদ্যুৎ বাণিজ্যের জন্য এরই মধ্যে এসএনএ চুক্তি রয়েছে। এসব দেশের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ০.০০৫ ভারতীয় রুপি হারে চার্জ নেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রেও একই হার রাখার প্রস্তাব করা হয়েছে।
হিসাব অনুযায়ী, চুক্তির আওতায় ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় এক ঘণ্টা আমদানি করা হলে বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে ১১ লাখ ৬০ হাজার ইউনিট। প্রতি ইউনিটে ০.০০৫ রুপি হিসাবে ওই এক ঘণ্টার জন্য এসএনএ চার্জ হবে ৫ হাজার ৮০০ ভারতীয় রুপি।
তবে এসএনএ চার্জকে বিদ্যুতের মূল দাম হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যে গ্রিড পরিচালনা এবং লেনদেন নিষ্পত্তির সঙ্গে যুক্ত ব্যয়।
বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে গ্রিড-সংক্রান্ত বিভিন্ন চার্জের হিসাব ও নিষ্পত্তি সহজ করতে ভারতের সিইআরসি এসএনএ ব্যবস্থা চালু করেছে।
সিইআরসির বিধিমালা অনুযায়ী, প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যে বিদ্যুৎ সরবরাহের সময়সূচি সমন্বয়, গ্রিড-সংক্রান্ত বিভিন্ন চার্জের হিসাব, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বা বেশি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ডেভিয়েশন চার্জ এবং রিঅ্যাক্টিভ এনার্জি চার্জসহ বিভিন্ন আর্থিক নিষ্পত্তিতে এসএনএর ভূমিকা রয়েছে।
