ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটেও ভক্তদের নজর কাড়েন। ভিন্ন ভিন্ন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার ছবি প্রায়ই অনুসারীদের প্রশংসা পায়। এবারও নতুন সাজে ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন মিম। এসব ছবিতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে গলায় ছিল সবুজ পাথর বসানো নেকলেস। একই ধরনের পাথরের দুল ও আংটিও পরেছিলেন তিনি।
খোলা চুলে একের পর এক ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিম। ছবি প্রকাশের পরপরই তার সাজ, সৌন্দর্য ও স্টাইল নিয়ে প্রশংসায় ভেসেছেন অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই তার পোজ ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। কেউ কেউ তাকে দেশের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেও উল্লেখ করেছেন।
অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ নামের ওয়েব ছবিতে। কাজী আসাদ পরিচালিত ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো অভিনয় প্রকল্পে তাকে দেখা যায়নি।
বড় পর্দায় মিমের সর্বশেষ উপস্থিতি ছিল কুরবানির ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায়। এতে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।


