নেপালের দুর্যোগে আটকা খরাজ মুখোপাধ্যায়, বন্ধ শুটিং; ফেরার পথও অনিশ্চিত

টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ও তার স্ত্রীসহ নেপালের দুর্যোগে আটকা পড়েছেন। নতুন সিনেমার শুটিং চলছিল দেশটির রাসুয়া জেলার একটি দুর্গম এলাকায়। সেখানে আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীর পানি বাড়তে শুরু করলে বিপাকে পড়েন তারা। সম্প্রতি গণমাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন সিনেমার শুটিং করতে নেপাল (Nepal) গিয়ে বিপত্তির মুখে পড়েন খরাজ মুখোপাধ্যায় ও শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta)। চীন সীমান্তঘেঁষা দেশটির রাসুয়া (Rasuwa) জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে আটকে পড়েন তারা। খরাজের সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় (Pratibha Mukherjee)।

শুটিং চলাকালে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে পাহাড়ি নদীর পানিও দ্রুত বাড়তে থাকে। এরপর হড়পা বান ও ধসের কারণে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তা ও সেতুর একাধিক অংশ ভেসে যায়, ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় পরিকাঠামোও।

এই পরিস্থিতিতে একদিকে যেমন সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়, অন্যদিকে কলকাতায় ফেরার পথও অনিশ্চিত হয়ে পড়ে। যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সেখানে অবস্থানরতদের স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে যায়।

খরাজ মুখোপাধ্যায়ের এমন খবর সামনে আসার পর কিছুটা উদ্বেগ তৈরি হলেও তার আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দুর্যোগের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা।

একটি গণমাধ্যমকে ফোনে খরাজ বলেন, বাংলাদেশের ‘শিকার’ সিনেমার শুটিং করতে তিনি ২০ আগস্ট নেপালে গিয়েছিলেন। ২৬ আগস্ট তার ফেরার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আটকে পড়েছেন।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘ভয়ঙ্কর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’

এদিকে ‘শিকার’ (Shikar) সিনেমার শুটিংয়ে রজতাভ দত্তও ছিলেন। তবে তার অংশের কাজ শেষ হয়ে যাওয়ায় তিনি আগেই ফিরে এসেছেন। সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে।

নেপালের রাসুয়ায় এই দুর্যোগে একাধিক প্রা’\ণহা’\নি ও নি’\খোঁজের খবরও সামনে এসেছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ফলে শুটিংয়ের কাজে ওই এলাকায় অবস্থান করা অন্যদেরও পরিস্থিতির ওপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নিতে হচ্ছে।

দুর্যোগের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়া এবং যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হওয়ার কারণে খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রী আপাতত নিরাপদে ফেরার অপেক্ষায় রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী গোরখপুর থেকে ২৮ আগস্টের ফ্লাইটে কলকাতায় ফেরার কথা জানিয়েছেন অভিনেতা।