পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতার একসময় বলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন। এমনকি সালমান খানের সিনেমা থেকেও প্রস্তাব এসেছিল তাঁর কাছে। ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন তুলনামূলক ভালো ছিল, তখন বলিউডে অভিনয়ের কথা ভেবেছিলেন ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’খ্যাত এই ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা জানিয়েছেন শোয়েব আখতার।
বলের দুরন্ত গতির কারণে ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতার জানান, একটা সময় ভারত-পাকিস্তানের সম্পর্ক ভালো থাকায় বলিউডে কাজ করার বিষয়ে তিনি আগ্রহী ছিলেন। সে সময় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু পরে তাঁর মনে হয়, ক্রিকেট ও অভিনয়—দুটি পেশা একই সঙ্গে সামলানো তাঁর পক্ষে সম্ভব হবে না।
বলিউডে কাজের প্রস্তাব প্রসঙ্গে শোয়েব আখতার জানান, ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে ইমরান হাশমীর চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়নি। সিনেমার অন্য একটি চরিত্রের জন্য তাঁকে বিবেচনা করা হয়েছিল।
এ ছাড়া সালমান খানও তাঁকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান শোয়েব। কিন্তু ক্রিকেটের পাশাপাশি বলিউডে সময় দেওয়া সম্ভব হবে না—এই উপলব্ধি থেকেই তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
অভিনয়ে এলে আলোচনার কেন্দ্রেও থাকতে হতো
বলিউডে পা রাখলে তাঁকে ঘিরে কী ধরনের আলোচনা তৈরি হতে পারত, সে বিষয়টিও তুলে ধরেছেন শোয়েব আখতার। বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করতেন তিনি।
শোয়েব বলেন, ‘আমি দুটি আলাদা জগৎ একসঙ্গে সামলাতে পারতাম না। ছয়-সাত মাস ক্রিকেট খেলতাম, তারপর ছয়-সাত মাস শুটিং করতে হতো। সেখানে মানুষ সবসময় আমার সঙ্গে কোনো না কোনো নায়িকার নাম জুড়ে দিত।’
এ বিষয়টি নিয়েও তিনি ভাবতেন বলে জানান সাবেক এই ক্রিকেটার। তাঁর ভাষ্য, তিন-চারজন পরিচালক তাঁকে বলেছিলেন, খলনায়কের চরিত্রে অভিনয় করতে হলে খুব বেশি কিছু করতে হবে না। কিন্তু শোয়েবের মনে হয়েছিল, দুটি পেশায় একই সঙ্গে টিকে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
সালমানকে নিয়ে মুগ্ধ শোয়েব
সালমান খানের ব্যক্তিত্ব এবং মানুষের জন্য তাঁর একের পর এক কাজও শোয়েব আখতারকে মুগ্ধ করে বলে জানান তিনি। নিজের সঙ্গে সালমানের চেহারার কিছুটা মিল রয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।
শোয়েব বলেন, ‘শারীরিক গঠনের দিক থেকে আমাকে কিছুটা সালমানের মতো দেখতে লাগে। কিন্তু মানুষ হিসাবে সালমান আমার থেকে অনেক ভালো।’
সালমানের প্রশংসা করে শোয়েব আরও বলেন, ‘ওর কাছে আমি কিছুই নই। সালমান খুবই ভালো মনের মানুষ। প্রচুর দানধ্যান করেন এবং অনেক মানুষকে সাহায্য করে থাকেন।’
নিজের জীবন নিয়ে কোনো দিন সিনেমা তৈরি হলে সেই ছবিতে নিজের চরিত্রে সালমান খান অভিনয় করুন—এমন ইচ্ছার কথাও জানিয়েছেন ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।


