নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। তবে সেই উদ্বেগের অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় বহু বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ‘শিকার’ সিনেমার পুরো টিম বর্তমানে নেপালে অবস্থান করছে।
তিনি বলেন, ভূমিকম্প ও বন্যার খবর প্রকাশের পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিচ্ছেন। সবাই জানতে চাইছেন, তারা কেমন আছেন এবং নিরাপদে আছেন কি না।
অপু বিশ্বাস সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’
চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এছাড়া এতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের খবরের মধ্যে ‘শিকার’ টিমের নিরাপদ থাকার বিষয়টি জানিয়ে অপু বিশ্বাসের এই বার্তায় স্বস্তি ফিরেছে তাদের ভক্ত ও স্বজনদের মধ্যে।


