সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা (Bangladesh Deputy High Commission, Kolkata)। চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে কলকাতা (Kolkata) যাওয়ার আগে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করে তারপর ভ্রমণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেওয়া এক নির্দেশনায় উপ-হাইকমিশন জানায়, কলকাতায় গত ১৯ আগস্ট সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে এই নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
উপ-হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যে হোটেলে থাকার পরিকল্পনা করা হচ্ছে, সেটি বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে কি না, সেখানে কক্ষের প্রাপ্যতা রয়েছে কি না এবং হোটেলটির অবস্থান কোথায়—এসব বিষয় যথাযথভাবে জেনে নেওয়ার পর ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের ক্ষেত্রেও আগে থেকেই হোটেল বুকিং নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে উপ-হাইকমিশন। পাশাপাশি হোটেলের কক্ষের প্রাপ্যতা ও বুকিংয়ের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি হোটেল থেকে সংশ্লিষ্ট হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় পৌঁছানোর আগেই খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপ-হাইকমিশন জানায়, কলকাতায় সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি এবং অন্যান্য নিয়মকানুন মেনে এসব হোটেল ও রেস্তোরাঁ পুনরায় চালু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ফলে কলকাতায় গিয়ে হঠাৎ আবাসনসংকটে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
