বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্যান্টাসি ও অলীক রূপকাহিনিনির্ভর কালজয়ী উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’। গত মার্চে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল দীর্ঘ আলোচনা ও বিতর্ক। নতুন মুখগুলো কি পুরোনো সেই জাদুর আবেশ ফিরিয়ে আনতে পারবে—এমন প্রশ্নও উঠেছিল ভক্তদের মধ্যে। এবার সেই সংশয়ের অনেকটাই অবসান ঘটেছে। নতুন সিরিজের চরিত্রগুলোর ট্রেলার প্রকাশের পর ভক্তদের বড় একটি অংশ মুগ্ধতা প্রকাশ করছেন।
অনেকেরই তখন মনে হয়েছিল, জাদুর সেই পুরোনো আবেশ যেন কোথাও হারিয়ে গেছে। নতুন অভিনয়শিল্পীদের প্রথম ঝলক দেখে প্রত্যাশিত সেই অনুভূতি তৈরি না হওয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে ট্রেলার প্রকাশ্যে আসার পর বদলে গেছে সেই চিত্র। নতুন তিন মুখকে দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা।
মার্চে সিরিজটির ‘লুক’ ও প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ শৈশবের প্রিয় সেই জাদুর দুনিয়ায় আবার ফিরে যাওয়ার আনন্দে আপ্লুত হয়েছেন, আবার কেউ ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনকে মিস করার কথা জানিয়েছেন। নতুন শিশুশিল্পীদের মধ্যে আগের সেই ‘ম্যাজিক’ নেই—এমন অভিযোগও উঠেছিল।
তবে ট্রেলার প্রকাশের পর অনেকটাই পাল্টে গেছে সেই দৃশ্যপট। হগওয়ার্টস স্কুলের চেনা পরিবেশ এবং হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পীর ঝলক দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। পুরোনো চেনা মুখগুলোর জায়গা নতুনরা কতটা নিতে পারবেন, তা নিয়ে যে সংশয় ছিল, সেটিও অনেকটা কেটে গেছে। এখন নতুন অভিনয়শিল্পীদের ওপর আস্থা রাখছেন দর্শকদের বড় একটি অংশ। বিশেষ করে নতুন ‘হারমায়োনি’ চরিত্রটির উপস্থাপন দর্শকদের আলাদা করে নজর কেড়েছে।
হ্যারি পটার, রনাল্ড উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে যেন আবার বাড়ি ফিরলাম।’ আরেক অনুরাগীর কথায়, ‘বড়দিনে আমার একমাত্র ইচ্ছা, এই নতুন সিরিজটি বারবার দেখা।’
জে কে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে টিভি সিরিজটি। এতে মূল বইগুলোর প্রতিটি অধ্যায় আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে। সিনেমার তুলনায় আরও গভীর প্রেক্ষাপট নিয়ে ২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় উন্মোচিত হতে যাচ্ছে কালজয়ী উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’।
নতুন চরিত্র, পরিচিত জাদুর জগৎ আর হগওয়ার্টসের সেই চেনা আবহ—সব মিলিয়ে সিরিজটি ঘিরে দর্শকদের মধ্যে এখন তৈরি হয়েছে নতুন করে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। মার্চের প্রথম ঝলক ঘিরে যে সংশয় ও বিতর্ক শুরু হয়েছিল, ট্রেলার প্রকাশের পর তা অনেকটাই বদলে গেছে প্রত্যাশা ও অপেক্ষায়।


