বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের গালে সত্যিই চড় মেরেছিলেন অভিনেতা অক্ষয় খান্না। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্যি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো ঘটনার নেপথ্যের গল্প ও শুটিংয়ের স্মৃতি সামনে এনেছেন নির্মাতা ফারহান আখতার।
বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা ‘দিল চাহাতা হে’। ফারহান আখতার পরিচালিত ২৫ বছর আগের এই সিনেমার শুটিং সেটেই ঘটেছিল সেই ঘটনা। একটি দৃশ্যকে আরও বাস্তবসম্মত করে তুলতে আমির খানকে গুনে গুনে ১৭ বার চড় মেরেছিলেন সহশিল্পী অক্ষয় খান্না।
ফারহান আখতার জানান, ‘দিল চাহাতা হে’ সিনেমার শুটিং চলাকালে একটি দৃশ্যে বাস্তবসম্মত অভিব্যক্তি পাওয়ার জন্য আমিরকে সত্যিই চড় মারতে হয়েছিল অক্ষয় খান্নাকে। দৃশ্যটির অভিনয় যেন কৃত্রিম মনে না হয়, সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরিচালকের ভাষ্য, শুটিংয়ের পুরো কৌশলটি এমনভাবে সাজানো হয়েছিল যে সামনে দাঁড়িয়ে থাকা অভিনেতা সাইফ আলি খানও বুঝতে পারেননি, ঘটনাটি অভিনয়ের অংশ নাকি সত্যি ঘটছে। ক্যামেরার সামনে আমিরের প্রতিক্রিয়াকে স্বাভাবিক রাখাই ছিল মূল উদ্দেশ্য।
ফারহান আখতার আরও জানান, শুধু আমির খানই নন, সিনেমাটির আরেকটি দৃশ্যে অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাইয়ের কাছ থেকেও চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকে। শুরুতে সাইফকে চড় মারা নিয়ে সুচিত্রা কিছুটা ইতস্তত বোধ করেছিলেন। পরে পরিচালকের নির্দেশে তিনি তিনবার সাইফকে চড় মারেন।
ঘটনাটির বিস্তারিত তুলে ধরে ফারহান আখতার বলেন, ‘আমি আমিরকে বলেছিলাম যে, অক্ষয় কিন্তু সত্যি চড় মারবে। আমির তাতে রাজি হয়েছিলেন। তবে প্রথমে সংলাপের শেষে চড় মারার কথা থাকলেও আমি আগে থেকেই অক্ষয়কে বলেছিলাম যে ডায়ালগের মাঝেই চড় মারতে হবে। তাহলে অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ক্যামেরায় ধরা পড়বে।’
পরিচালক জানান, প্রথমবার চড় খাওয়ার পর আমির খান কিছুটা চমকে গিয়েছিলেন। কিন্তু দৃশ্যটি আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পরে নিজেই বেশ কয়েকটি টেক দিতে রাজি হন। তবে চড়ের আঘাত জোরালো হওয়ায় প্রথম টেকেই আমিরের গাল ফুলে লাল হয়ে গিয়েছিল।
এরপরও শুটিং থামেনি। দৃশ্যটি ঠিকভাবে ধারণ করতে একের পর এক টেক নেওয়া হয়। শেষ পর্যন্ত পরপর ১৭টি টেক নেওয়ার পর আমির খানের মুখের এক পাশে স্পষ্ট চড়ের দাগ পড়ে গিয়েছিল বলে জানান ফারহান আখতার।


