বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদ, বাদশাহর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ইশার

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় গত ৩১ আগস্ট বিচ্ছেদের ঘোষণা দেন ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং সিসোডিয়া ওরফে বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিচ্ছেদের ঘোষণার পর এবার বাদশাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ইশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিচ্ছেদ নিয়ে মুখ খুলে র‍্যাপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি।

বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই কেন বিচ্ছেদের সিদ্ধান্ত—এ নিয়ে নানা প্রশ্ন উঠলেও এতদিন দুজনের কেউই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এবার প্রথমবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন ইশা।

অভিনেত্রী বলেন, শুরু থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। ব্যক্তিগত জীবনকে কখনোই প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি তিনি। কিন্তু পুরো পরিস্থিতিতে তার অভিজ্ঞতা ছিল অত্যন্ত কঠিন। একপর্যায়ে বারবার নিজেকেই প্রশ্ন করতেন, ‘আমি কি ভুল করেছিলাম?’

ইশার ভাষ্য, তিনি আসলে যাকে ভালোবাসতেন, সেই মানুষটি এবং তাদের সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করছিলেন। দুজন মানুষের মধ্যে ঘটে যাওয়া বিষয়কে প্রকাশ্যে এনে কোনোভাবেই নাটকের পর্যায়ে নিয়ে যেতে চাননি তিনি।

তাদের বিয়ের ছবি ইশা নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি। তবে তার মা সেই ছবি প্রকাশ্যে আনেন। এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তার ঝগড়াও হয়েছিল বলে জানান অভিনেত্রী।

ওই সময় ভীষণ ভয় পেয়েছিলেন ইশা। কারণ, একদিকে তার মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশাহর বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ফলে পুরো পরিস্থিতি নিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, ছবি পোস্ট হওয়ার পর তারা অনেকবার কথা বলেছিলেন। তার দাবি, বাদশাহ তাকে অন্য একটি ছবি দেখাচ্ছিলেন, যেটিকে তিনি আসল ছবি হিসেবে মনে করেননি। সেই পরিস্থিতিতে নিজের কাছেই প্রশ্ন করেছিলেন, কীভাবে তিনি এতটা বোকা হতে পারেন। ইশার ভাষায়, সেটিই ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সময়।

সাক্ষাৎকারে ইশাকে প্রশ্ন করা হয়, তিনি নিজেকে প্রতারিত মনে করেন কি না। জবাবে তিনি সরাসরি বলেন, ‘প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’

তবে ইশার এই মন্তব্যের বিষয়ে এখনো বাদশাহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে তাদের বিচ্ছেদকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। এসব প্রতিবেদন ও গুঞ্জনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ইশা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সবাইকে অনুরোধ করেছেন, তার কাছ থেকে সরাসরি কোনো তথ্য না পাওয়া পর্যন্ত কোনো কিছু বিশ্বাস না করতে।

স্টোরিতে ইশা লিখেছেন, তার বিয়ে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। বিভিন্ন মহলে প্রকাশিত সংবাদ প্রতিবেদন শুনে ও পড়ে তিনি হতবাক। গণমাধ্যমের নির্দিষ্ট কিছু অংশের প্রতি তার অনুরোধ, তার বিয়ে বা বিচ্ছেদ নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয়।

একই সঙ্গে সাধারণ মানুষের প্রতিও আবেদন জানিয়েছেন তিনি। তার কাছ থেকে সরাসরি কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত সংবাদমাধ্যমে প্রকাশিত বা শোনা কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ করেছেন এই অভিনেত্রী।