মাদক সেবনের পর স্ত্রীর সঙ্গে ঝগড়া, গুলি চালানোর অভিযোগে স্বামীসহ তিনজন গ্রেপ্তার

মাদক সেবন করে মাতাল অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান স্বামী। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর দারুসসালামের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেসমিন আক্তার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)। র‌্যাবের দাবি, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ইয়াবাসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ওই নারী। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পাওয়ার পর র‌্যাব-৪-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি, তিনি মাদক কারবারের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন বলে জানায় সংস্থাটি।

আব্দুল মান্নানের উদ্ধৃতি দিয়ে র‌্যাব আরও জানায়, স্ত্রীকে গু’লির পর আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রাখার জন্য তিনি সেটি তার ছেলের কাছে দেন। পরে রাকিবকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, আগ্নেয়াস্ত্রটি এক বন্ধুর বাসায় লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাকিবের বন্ধু হাতেমের বাসায় অভিযান চালানো হয়।

সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গু’লি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, আব্দুল মান্নানের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৪।