বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগের গল্প নতুন কিছু নয়। একসময় তারকা থেকে পরিচালক-প্রযোজক—বলিউডের বহু পরিচিত মুখকেই আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে হিসাব করে চলতে হতো। কারও জীবনে এসেছে হুমকি, আবার কারও জন্য পরিস্থিতি নিয়েছে ভয়াবহ মোড়। সালমান খান থেকে রাকেশ রোশন—আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে পড়েছেন বলিউডের একাধিক পরিচিত মুখ।
তবে সেই তালিকায় থাকা শাহরুখ খান ছিলেন ব্যতিক্রম। হুমকির সামনে তিনি কখনও পিছু হটেননি। বরং সোজাসাপ্টা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, ভয় দেখিয়ে তাকে নিজের মতো করে চালানো সম্ভব নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত সেই পুরোনো ঘটনা আবার সামনে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার দাবি, হুমকি পাওয়ার পরও শাহরুখ আন্ডারওয়ার্ল্ডের কোনো নির্দেশ মেনে নিতে রাজি হননি। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজন হলে গু’\লি করা যেতে পারে, কিন্তু তাদের কথায় তিনি কোনো কাজ করবেন না।
সঞ্জয় গুপ্তের ভাষ্য অনুযায়ী, শাহরুখ বলেছিলেন, ‘আমি কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানেও যাব না। আমি পাঠান। গু’\লি করতে হলে গু’\লি করে দিন। আমি আপনাদের একেবারেই ভয় পাই না। কিন্তু আপনাদের জন্য আমি কাজ করব না, কোনো অনুষ্ঠানেও যাব না।’
শাহরুখের এমন দৃঢ় জবাবের পর অনেকেই মনে করেছিলেন, এর জন্য হয়তো তাকে বড় মূল্য দিতে হতে পারে। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টোটা। এরপর আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে আর কোনো হুমকি আসেনি।
ধারণা করা হয়, শাহরুখের এই নির্ভীক অবস্থানই তাদের বুঝিয়ে দিয়েছিল—ভয় দেখিয়ে এই অভিনেতাকে নিজের ইচ্ছেমতো পরিচালনা করা যাবে না। হুমকি এলেও নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর মানুষ নন শাহরুখ।
তবে সেই সময়টা তার জন্য মোটেও সহজ ছিল না। হুমকির পর দীর্ঘ সময় কঠোর নিরাপত্তার মধ্যে থাকতে হয়েছিল তাকে। প্রায় তিন বছর পুলিশি পাহারায় থাকার পর পরিস্থিতির সমাধান হয়। জানা যায়, ১৯৯৭ সালে ‘ডুপ্লিকেট’ সিনেমার সময় এই ঘটনা ঘটেছিল। ওই সময় শাহরুখের জন্য ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থাও করা হয়।
পরবর্তীতে আবু সালেম শাহরুখকে ফোন করে অশ্লীল ভাষায় কথা বলেন এবং হুমকি দেন বলেও জানা যায়। সেই ঘটনায় শুরুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। কিন্তু পরে নিজেকে সামলে নেন তিনি।
আন্ডারওয়ার্ল্ডের চাপ, হুমকি এবং দীর্ঘদিনের নিরাপত্তা ঝুঁকির মধ্যেও নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার যে মানসিক দৃঢ়তা শাহরুখ দেখিয়েছিলেন, সঞ্জয় গুপ্তের বক্তব্যে সেই ঘটনাই আবার সামনে এসেছে। ভয় দেখানোর চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তাদের সামনে মাথা নত করেননি বলিউডের এই তারকা।


