ব্রেন স্ট্রোকের পর বদলে যায় জীবন, আর্থিক সংকট সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই রাহুল রায়ের

‘আশিকি’ খ্যাত বলিউড তারকা রাহুল রায় (Rahul Roy) দীর্ঘ চার বছর পর নিজের জীবনসংগ্রাম, আর্থিক সংকট এবং আবারও অভিনয়ে ফেরার লড়াই নিয়ে মুখ খুলেছেন। ২০২০ সালে ভয়াবহ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার সাজানো জীবন কীভাবে বদলে গিয়েছিল, সেই কঠিন সময়ের কথাই এবার সামনে এনেছেন তিনি। ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আই’-এর মতো কাজ দিয়ে নব্বইয়ের দশকে লাখো তরুণ-তরুণীর হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা দীর্ঘ চিকিৎসা শেষে এখন আবারও ক্যামেরার সামনে নিয়মিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়া (The Times of India)-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আর্থিক টানাপোড়েনের পাশাপাশি ভাইয়ের সঙ্গে চলমান আইনি জটিলতা নিয়েও কথা বলেন ৫৮ বছর বয়সী রাহুল। তিনি জানান, ওই মামলায় ৩০ লাখ রুপির একটি বিষয় জড়িত রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি ও তার ভাই—দুজনেই কাজ করছেন।

নিজের ব্যক্তিগত জীবনের আরেকটি বড় পরিবর্তনের কথাও তুলে ধরেন রাহুল। স্ত্রী-বিচ্ছেদের সময় নিজের সম্পদ সাবেক স্ত্রীর কাছে হস্তান্তর করেছিলেন বলে জানান তিনি। জীবনের এই পর্যায়ে এসে তাই তাকে যেন নতুন করে সবকিছু শুরু করতে হচ্ছে।

রাহুল বলেন, ‘আমার বয়স এখন ৬০ হতে চললো, অথচ আমি নতুন করে আমার আবার সবকিছু গড়ে তোলার চেষ্টা করছি।’

২০২০ সালের ব্রেন স্ট্রোক তার ক্যারিয়ারকে দীর্ঘ সময়ের জন্য থামিয়ে দিয়েছিল। সেই বাস্তবতা স্বীকার করে রাহুল জানান, গত পাঁচ বছর মূলত চিকিৎসার মধ্যেই কেটেছে। তার কাছে এই সময়টা ছিল এক ধরনের দীর্ঘ বিরতি, যেখানে কাজ করার সুযোগ প্রায় ছিলই না।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর আমার চিকিৎসার মধ্যেই কেটেছে, যা ছিল একপ্রকার বিরতির মতো। কোনও কাজ ছিল না। ওটা না হলে আমি হয়তো আরও অনেক কাজ করতাম।’

তবে দীর্ঘ সেই বিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে বলেও জানিয়েছেন ‘আশিকি’ তারকা। এখন কিছু কাজ পাচ্ছেন এবং সামনে আরও বেশি কাজ করতে চান তিনি। দীর্ঘদিন পর আবারও শুটিং সেটে ফেরা ও ক্যামেরার সামনে দাঁড়াতে পারার আনন্দও তার কথায় উঠে এসেছে।

রাহুল বলেন, ‘তবে এখন কিছুটা কাজ পাচ্ছি এবং আরও বেশি কাজ করতে চাই। আবারও সেটে ফিরে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। যারা আমাকে বিশ্বাস করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

দীর্ঘ অভিনয়জীবনের কথাও স্মরণ করেন তিনি। রাহুলের ভাষায়, সিনেমায় তার ৩৭ বছরের পথচলায় এমন কিছু কাজ রয়েছে, যেগুলো নিয়ে তিনি সন্তুষ্ট। সেই অভিজ্ঞতা নিয়েই এখন নতুন কাজের অপেক্ষায় আছেন।

তিনি বলেন, ‘সিনেমায় আমার ৩৭ বছরের পথচলায় বেশ কিছু ভালো কাজ করেছি বলে মনে করি, এখন নতুন কাজের অপেক্ষায় আছি।’

অন্যদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়েবাড়িতে রাহুলের নাচের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ঘিরে তাকে সমালোচনা ও ট্রলের মুখেও পড়তে হয়েছে। বিষয়টি নিয়েও এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।

রাহুল জানান, তারও দৈনন্দিন খরচ রয়েছে এবং সেই খরচ চালাতে টাকার প্রয়োজন হয়। ২০২০ সালে ব্রেন স্ট্রোকের পর কাজ পাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল। প্রায় পাঁচ বছর ধরে পরিস্থিতিকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

কখনও কখনও বিয়েবাড়ির অনুষ্ঠানে নেচেও আয় করেন রাহুল। এমন একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ২ থেকে ৪ লাখ রুপি পর্যন্ত আয় করেন বলে জানিয়েছেন। তার মতে, বাইরে থেকে যারা তাকে নিয়ে ট্রল করেন, তারা হয়তো বোঝেন না এই কাজও তার জন্য কতটা কঠিন।
বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
সমালোচকদের উদ্দেশে নিজের বাস্তবতার কথাই তুলে ধরেছেন রাহুল। তিনি বলেন, ‘আমার খরচ আছে এবং আমার টাকার প্রয়োজন। ২০২০ সালে ব্রেন স্ট্রোকের পর কাজ পাওয়া বেশ কঠিন ছিল। পাঁচ বছর হয়ে গেছে, বিষয়গুলো স্বাভাবিক রাখতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কখনও কখনও বিয়েবাড়িতে নেচে ২ থেকে ৪ লাখ রুপি আয় করি। যারা আমাকে ট্রল করে, তারা জানে না এটা কতটা কঠিন কাজ। আমাকেও তো ডাল-ভাতের সংস্থান করতে হবে।’

একসময় বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতার বর্তমান লড়াই তাই শুধু ক্যামেরায় ফেরার নয়; দীর্ঘ অসুস্থতা, কাজের বিরতি ও আর্থিক চাপ কাটিয়ে নিজের জীবনকে আবারও গুছিয়ে নেওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি।

সূত্র: এনডিটিভি (NDTV)