বাংলাদেশের মাটি থেকে হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন এক ইতিহাসের সাক্ষী হলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ক্যামডেন সিটি কাউন্সিল (Camden City Council)-এর ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান (Eliza Rahman)।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন তিনি। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারীর এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ার ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিডনির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও চলছে অভিনন্দনের জোয়ার। এলিজা রহমানের এই অর্জনকে শুধু একটি পদে নির্বাচিত হওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে না; অস্ট্রেলিয়ার মূলধারার স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের দৃশ্যমান অংশগ্রহণের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
২০২৪ সালের নিউ সাউথ ওয়েলস (New South Wales)-এর স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন সিটি কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে লেবার পার্টি (Labor Party)-র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা রহমান।
কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এবং কমিউনিটির নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। রাজনীতির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততাও তাকে ক্যামডেনের বাসিন্দাদের কাছে পরিচিত করে তুলেছে।
নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির ক্যামডেন ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন এলিজা রহমান। পাশাপাশি ব্যাজারিস ক্রিকের লেবার পার্টির প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ফলে স্থানীয় মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও নানা চ্যালেঞ্জ সম্পর্কে তার রয়েছে সরাসরি অভিজ্ঞতা।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার এই অর্জনকে ব্যক্তিগত সাফল্যের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চান না এলিজা রহমান। নিজের অর্জন প্রসঙ্গে তার ভাষ্য— ‘এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়।’
