র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি বিল-২০২৬’ সংসদে পাস, বিরোধী দলের আপত্তি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস করা হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলটির কয়েকটি বিধান নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরেন এবং তা পাস না করার দাবি জানান।

তবে বিরোধীদলীয় নেতার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেই শেষ পর্যন্ত বিলটি সংসদে পাস হয়। সংশোধিত আকারে পাস হওয়া এই বিলের মাধ্যমে র‍্যাবের পরিবর্তে নতুন কাঠামোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনার পথ তৈরি হলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে। এর মাধ্যমে বাহিনীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলেও সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।