নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচনে নয়, রাজনৈতিক কর্মসূচিতেও আওয়ামী লীগের অধিকার নেই: মীর শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটি ও এর অঙ্গসংগঠনগুলোর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ারও অধিকার নেই। আইন অমান্য করে কোনো কর্মকাণ্ড চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। তারা এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হলে আইনের আওতায় আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় নিষিদ্ধঘোষিত একটি সংগঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেও বিব্রত বোধ করেন বলে জানান। মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক নয়, উচিতও নয়। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন।

তিনি আরও বলেন, দলটি নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। তাদের সভা-সমাবেশ কিংবা মিছিল করারও সুযোগ নেই। এমনকি দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অধিকারও তাদের নেই।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনের সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বের হয়ে বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে—যেকোনো মূল্যে এসব নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এ জন্য বাজেটে প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের বিষয়টি তুলে ধরে মীর শাহে আলম বলেন, সংশোধিত আইন অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন কিংবা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। ফলে নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।

তবে মাঠপর্যায়ে দলের ‘চেইন অব কমান্ড’ ঠিক রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয় পর্যায়ে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। অন্যথায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের অনুকূলে দুটি স্কুলবাস হস্তান্তর করেন।