প্রায় তিন দশক পর নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’

প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন, যা বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত, প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। ব্রিটিশ রাজপরিবারের অন্যতম প্রভাবশালী ও মানবতাবাদী সদস্যের ঐতিহাসিক এই পোশাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার।

দীর্ঘদিন ধরে পোশাকটি প্রিন্সেস ডায়ানার আত্মবিশ্বাস, সাহস এবং স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানি তৈরি করেছিলেন কালো রঙের অফ-দ্য-শোল্ডার সিল্কের এই গাউন। ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ারের একটি অনুষ্ঠানে পোশাকটি পরেছিলেন ডায়ানা।

সেই রাতেই তার সাবেক স্বামী এবং তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর থেকেই ডায়ানার সাহসী ও দৃষ্টি-কাড়া ওই পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে পরিচিতি পেতে শুরু করে।

আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি বিক্রির জন্য তোলা হবে। প্রিন্সেস ডায়ানাকে ঘিরে আয়োজিত এই বিশেষ নিলামে ঐতিহাসিক পোশাকটিকে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রাখা হয়েছে।

নিলাম প্রতিষ্ঠান সোথবির মতে, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় এবং আলোচিত ফ্যাশন মুহূর্তগুলোর একটি। এই পোশাক পরা ডায়ানার ছবি পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে অসংখ্যবার প্রকাশিত হয়েছে। ফলে পোশাকটি শুধু রাজপরিবারের ইতিহাসের একটি অংশ নয়, ফ্যাশন ইতিহাসেও বিশেষ একটি জায়গা করে নিয়েছে।

সোথবির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার অনেক আগে এবং তারকাদের ছবি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার মতো সুযোগ তৈরি হওয়ারও বহু আগে ডায়ানা একটি গাড়ি থেকে নেমে এমন এক দৃশ্য তৈরি করেছিলেন, যা আজকের ভাষায় নিঃসন্দেহে একটি ‘ভাইরাল ফ্যাশন মোমেন্ট’ হিসেবে বিবেচিত হতে পারে।

একটি পোশাক কীভাবে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সময়ের আলোচিত এক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে ঐতিহাসিক হয়ে উঠতে পারে, ডায়ানার এই কালো গাউন তারই অন্যতম উদাহরণ। দীর্ঘ সময় পর আবারও নিলামে ওঠার কারণে পোশাকটি ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

নিউইয়র্কের নিলামে তোলার আগে ডায়ানার ঐতিহাসিক এই গাউনটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে বলে জানিয়েছে ফ্যাশন ম্যাগাজিন ভোগ।