বেশ কিছুদিন ধরেই হলিউডপাড়ায় গুঞ্জন ছিল, যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি। কয়েক মাস ধরে চলা সেই জল্পনা এবার সত্যি হওয়ার পথে। লস অ্যাঞ্জেলেসে বসবাস করা ‘লারা ক্রফট’খ্যাত জোলি ছয় সন্তানই প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের বাইরে থাকার প্রস্তুতি শুরু করেছেন।
ফ্যাশন ম্যাগাজিন ল’ অফিশিয়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি জানান, আপাতত তিনি এক ধরনের ‘যাযাবর’ জীবন বেছে নিতে চান। যুক্তরাষ্ট্রের বাইরে গেলেও কোনো একটি দেশে স্থায়ীভাবে থিতু হওয়ার পরিকল্পনা নেই তার। সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমার জীবনের একটি নির্দিষ্ট অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।’
বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর পরিকল্পনার কথা জানাতে গিয়ে অস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, ‘কোথাও স্থায়ীভাবে থাকার কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। এরপর কিছুদিন আমি যাযাবর জীবনই কাটাতে চাই।’ তবে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মায়ের স্মৃতি ও পারিবারিক ছবিগুলো তিনি একটি নির্দিষ্ট জায়গায় সযত্নে রেখে যেতে চান।
যুক্তরাষ্ট্র ছেড়ে গেলেও নিজের ক্রিয়েটিভ ফ্যাশন হাউসকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে চান জোলি। একই সঙ্গে জাতিসংঘ এবং তার অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর হয়ে বিশ্বজুড়ে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। জোলি জানিয়েছেন, শুরুতে কয়েক মাস কম্বোডিয়ায় কাটাবেন তিনি।
এর আগে চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় থাকা ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন জোলি। তখন তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেস ছেড়ে যাওয়ার কথা তিনি বহু বছর ধরেই ভাবছিলেন।
তবে এতদিন তার সামনে ছিল আইনি বাধ্যবাধকতা। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত জোলিকে যুক্তরাষ্ট্রেই থাকতে হতো। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ সন্তান ভিভিয়েন ও নক্সকে নিয়ে তার সংসার।
গত জুলাইয়ে যমজ সন্তান ভিভিয়েন ও নক্স ১৮ বছরে পা দেওয়ায় সেই আইনি বাধ্যবাধকতাও আর থাকছে না। ফলে এবার যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে নিজের মতো করে জীবনযাপনের পথ অনেকটাই উন্মুক্ত হয়েছে জোলির সামনে।
এর আগে গত আগস্টে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি আক্ষেপ করে বলেছিলেন, বিবাহবিচ্ছেদের কারণে বাধ্য হয়েই তাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হচ্ছে।
২০১৬ সালে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও নানা টানাপোড়েনের পর ২০২৪ সালে সেই বিচ্ছেদ চূড়ান্ত রূপ পায়। এবার সন্তানদের সবাই প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বাইরে নতুনভাবে জীবন সাজানোর প্রস্তুতি নিচ্ছেন হলিউডের এই তারকা।


