জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই এক ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে সম্পর্কের বিষয়টি এতদিন একেবারেই আড়ালে রেখেছেন তিনি। এবার ডিসেম্বরে তার বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে নতুন করে জোরালো হয়েছে গুঞ্জন।
মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। ফলে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে অবশ্য গুঞ্জন এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। তবে এসবের মধ্যেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি।
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
এদিকে অভিনয় নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজে যুক্ত রয়েছেন তিনি। পেশাগত ব্যস্ততার মাঝেই এবার তার বিয়ের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
ডিসেম্বরে সত্যিই মিমি চক্রবর্তীর বিয়ের আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে দুই পরিবারের প্রস্তুতির খবর সামনে আসায় টালিউডে তার বিয়ের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।


