খুলনা শহরের ডাকবাংলো মোড়ে দুর্বৃত্তরা মাসুম বিল্লাহ (৪০) নামে একজন শ্রমিক দল নেতাকে গু’\লি ও কু’\পিয়ে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে বাটার দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে ও নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত ৯টার দিকে পাঁচ জন দুর্বৃত্ত মাসুম বিল্লাহর ওপর গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কু’\পিয়ে জখম করা হয়। স্থানীয় জনতা ও পুলিশ অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করতে সক্ষম হয়।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে।
পুলিশ জানায়, আটক অশোক ঘোষ তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। হত্যার উদ্দেশ্য উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, নিহত মাসুম বিল্লাহর বড়ভাই ও রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
