ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালি পুনরায় সচল করার প্রশ্নে পশ্চিমা সামরিক জোটের মিত্রদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেছেন, ন্যাটোর মিত্র দেশগুলো যদি এই গুরুত্বপূর্ণ জলপথ সচল করতে এগিয়ে না আসে, তাহলে জোটটির ভবিষ্যৎই “খুব খারাপ” হয়ে উঠতে পারে।
হরমুজ প্রণালির অবরোধ সরাতে ইতোমধ্যেই সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে এই প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এবার ন্যাটোর মিত্র দেশগুলোর প্রতি আরও কড়া বার্তা দিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমস (Financial Times)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির সুবিধাভোগী দেশগুলোর উচিত এর নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে এগিয়ে আসা।
তিনি বলেন, “যারা এই প্রণালির সুবিধা ভোগ করছে, তাদেরই নিশ্চিত করা উচিত যাতে সেখানে খারাপ কিছু না ঘটে। যদি তাদের পক্ষ থেকে কোনো সাড়া না মেলে কিংবা নেতিবাচক জবাব আসে, তাহলে আমার মনে হয় ন্যাটো (NATO)-এর ভবিষ্যতের জন্য তা খুব খারাপ হবে।”
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই জলপথ দিয়ে তেল সরবরাহের ওপর চীন কিংবা ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি নির্ভরশীল। তবুও হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে এখনো তারা কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মিত্র দেশগুলোর সহযোগিতা কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা মাইনসুইপার বা মাইন অপসারণকারী জাহাজ পাঠিয়ে সহায়তা করতে পারে।
তার মতে, এই কৌশলগত জলপথের সুবিধাভোগী দেশগুলোরই এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেওয়া উচিত।
একই সঙ্গে ট্রাম্প মনে করিয়ে দেন, ইউক্রেন যু’\দ্ধ (Ukraine War)-এর সময় যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সহায়তা করেছে। এখন হরমুজ প্রণালির সংকট মোকাবিলায় সেই মিত্রদের কাছ থেকেই সহযোগিতা প্রত্যাশা করছে ওয়াশিংটন।


