ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অ’ভিযা’নের খবর ছড়িয়ে পড়তেই প্রায় দুই সপ্তাহের মধ্যে আবারও তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার সকালে শতকরা প্রায় ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১১৬ ডলারে, যা ১৯ মার্চের পর সর্বোচ্চ। ওই দিন সাময়িকভাবে দাম ১১৯ ডলার স্পর্শ করেছিল। বিষয়টি জানিয়েছে আল জাজিরা (Al Jazeera)।
এদিকে ইরান (Iran)-এ স্থল অ’ভিযা’নের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন খবর ক্রমেই জোরালো হচ্ছে। হাজার হাজার সেনা সমাবেশের ইঙ্গিত পাওয়া গেলেও তেহরান এতে ভীত নয় বলে স্পষ্ট জানিয়েছে। বরং সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত বলেই বার্তা দিয়েছে। ইতোমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইয়েমেনে হুতি গোষ্ঠী যদি বাব আল মান্দেব প্রণালিতেও চাপ সৃষ্টি করে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তেলের দাম দ্রুত বাড়ছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ (Mohammad Bagher Ghalibaf) কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, মার্কিন সেনারা এলে তাদের ‘আগুনে পুড়িয়ে দেওয়া’ হবে এবং আঞ্চলিক মিত্রদেরও ‘শাস্তি’ দেওয়া হবে।
সপ্তাহান্তে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী প্রথমবারের মতো ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, আর ইসরাইল (Israel) দক্ষিণ লেবাননে তাদের অ’ভিযা’ন বিস্তৃত করে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও—এশিয়ার প্রধান শেয়ারবাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৪ শতাংশের বেশি পড়ে যায়।
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হা’ম’লার জবাবে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়েছে। ফলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে পড়েছে বিশ্ব। সংঘাত শুরুর পর থেকেই তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যা বহু দেশকে জরুরি জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নিতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজে নৌ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (Donald Trump) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি জলপথে নিয়ন্ত্রণ শিথিল না করে, তাহলে তাদের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। পরে তিনি সময়সীমা আরও ১০ দিন বাড়ান এবং ১৫ দফা পরিকল্পনা তুলে ধরেন। পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার সম্ভাবনার কথাও জানান। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমার মনে হয়, ইরান নিয়ে একটি চুক্তি হবে—খুব শিগগিরই।”
তবে তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি।
অনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ নিউম্যান (Greg Newman) সতর্ক করে বলেছেন, এই অস্থিরতার প্রকৃত প্রভাব এখনো পুরোপুরি অনুভূত হয়নি। তিনি জানান, বাস্তব তেল সরবরাহ লোডিং চক্র অনুযায়ী পরিচালিত হয়, ফলে ইউরোপে এর প্রভাব পুরোপুরি বোঝা যেতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তার মতে, ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম বাস্তব পরিস্থিতির প্রতিফলন শুরু করেছে এবং তা শিগগিরই ১২০ ডলার বা তারও ওপরে যেতে পারে।
তিনি আরও বলেন, এই সংকটের প্রকৃত মাত্রা এখনো বিশ্ব অর্থনীতি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। বাজারে এর আগে এমন সরবরাহ বিঘ্ন দেখা যায়নি। ফিজিক্যাল প্রিমিয়াম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অথচ বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলো এখনো এটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তবে আগামী মাসগুলোতে এর প্রকৃত প্রভাব অর্থনৈতিক পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠবে।


