ডিজিএফআই (Defence Intelligence) এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি সূত্র জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্রে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। এক এগারোর সময়কালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ বিএনপি নেতাদের নির্যাতনে বারবার তার নাম উঠে এসেছে। তার বিরুদ্ধে ভাটারায় জুলাইয়ে একটি হত্যা মামলাও রয়েছে।
এর আগে, গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। পরে পল্টন থানার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
