জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন (Nasir Hossain) আইনি জটিলতার মুখে পড়েছেন। আদালতের তথ্য অনুযায়ী, আইনিভাবে বিচ্ছেদের আগে নতুন বিয়ে করার অভিযোগে দোষী প্রমাণিত হলে তিনি ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড পেতে পারেন। তাঁর স্ত্রী তামিমা সুলতানা (Tamima Sultana)-ও একই দণ্ডের মুখোমুখি হতে পারেন।
তবে আদালতে তামিমা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নিরপরাধ দাবি করে সাফাই সাক্ষ্য দিয়েছেন। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতে নাসির ও তামিমা ন্যায়বিচারের জন্য আবেদন করেন।
মামলার সূত্রে জানা যায়, নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। আদালত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং ৯ ফেব্রুয়ারি চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দেয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন। এই ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন রাকিব হাসান।
