খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসান (Dr. Chowdhury H. Ahsan) যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের (SCAI) আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) এসসিএআইয়ের প্রেসিডেন্ট জে ডন অ্যাবট এই নিয়োগের আনুষ্ঠানিক চিঠি প্রদান করেন। চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই বৈজ্ঞানিক সম্মেলন পর্যন্ত চলবে।
বর্তমানে তিনি ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসে মেডিসিন বিভাগের চিফ এবং কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের প্রধান হিসেবে কর্মরত। আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে কমিটির লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা পরিচালনা, কনফারেন্স কলের পরিকল্পনা, অ্যাড হক সাবকমিটি গঠন এবং কার্যক্রমকে স্বচ্ছ ও ব্যবসায়িকভাবে পরিচালনা।
এসসিএআই জানিয়েছে, আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে আন্তর্জাতিক কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই নিয়োগকে বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে একটি গৌরবজনক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।


