মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি (BBC) ও সিএনএন (CNN)।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ড্রোন হামলা চালিয়েছে। তিনি এটিকে ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেন।
তিনি আরও জানান, জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। হামলায় অবকাঠামোগত বড় ধরনের ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো ব্যক্তি আ’\হত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলার পর থেকে টানা ৩৩ দিন ধরে সংঘাত চলছে। এই সময়ের মধ্যে ইরান একদিকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতেও আঘাত হানছে।
বর্তমানে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ইরানি বাহিনী এখন ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


