মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী শুরু, পুরোনো দিনের কালজয়ী সিনেমা বিনামূল্যে দেখার সুযোগ

পুরোনো দিনের কালজয়ী সব চলচ্চিত্রের প্রতি আগ্রহীদের জন্য আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত এবং প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এই সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট প্রজেকশন হলে প্রদর্শনী চলবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরোনো এবং দুর্লভ চলচ্চিত্রগুলো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শন সূচি অনুযায়ী, আজ প্রদর্শিত হয়েছে হারুনর রশীদ পরিচালিত ‘মেঘের অনেক রং’। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

পরের সপ্তাহে, ৯ এপ্রিল দর্শকরা দেখবেন খান আতাউর রহমান পরিচালিত সাদা-কালো ক্ল্যাসিক ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

১৬ এপ্রিল হবে শাহ আলম কিরণ পরিচালিত রঙিন চলচ্চিত্র। ২ ঘণ্টার এই সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা ও রিনা খান।

২৩ এপ্রিল প্রদর্শিত হবে দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদা-কালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিট ব্যাপ্তির এই সিনেমায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।

শেষে ৩০ এপ্রিল দর্শকরা উপভোগ করবেন মমতাজ আলী পরিচালিত রঙিন সিনেমা ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে নিয়মিত এই ধরনের আয়োজন করে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।