জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বন্দর (Chattogram Port)। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। একইসঙ্গে মালয়েশিয়া থেকে আরও একটি বড় চালান নিয়ে আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে ‘ইয়ান জিং হে’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ।
তিনি জানান, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেটিকে বার্থিং দেওয়া হবে। একইসঙ্গে রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ বন্দরে ভিড়বে, যা মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আসছে। এছাড়া আগামীকাল এলএনজি বহনকারী আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রতিষ্ঠান প্রাইড (Pride)-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, ‘ইয়ান জিং হে’ সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের কিছু বেশি ডিজেল নিয়ে এসেছে এবং এটি বর্তমানে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ‘শান গ্যাং ফা জিয়ান’ রাতের মধ্যেই বন্দরে এসে পৌঁছাবে।
বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে মোট ৩৩টি জাহাজ বন্দরে ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল বহন করেছে। পাশাপাশি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে এসেছে আটটি জাহাজ এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বহন করেছে নয়টি জাহাজ।
ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে এই ধারাবাহিক সরবরাহকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
