মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে দেশে এসে আটকে পড়েছেন অসংখ্য প্রবাসী কর্মী। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (Shama Obaed Islam)।
শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এ মধ্যপ্রাচ্যের সংঘাতে বাহরাইনে নি’\হত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। তবে যেসব দেশে প্রয়োজন হবে, পরিস্থিতি বিবেচনায় সেখানে আরও সময় বাড়ানো হবে।
প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন এবং অন্য দেশে অবস্থানকারীরা যাতে ঝুঁকিমুক্ত থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রা’\ণহা’\রা বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ দেশে আনা হয়েছে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs Bangladesh) কাজ করে যাচ্ছে।
এ সময় অবৈধ পথে বিদেশে যাওয়া প্রবাসীদের প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানবপাচারের মাধ্যমে বিদেশে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছেন, আবার অনেকে বিভিন্ন দেশে আটকা পড়ছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
