বিচার বিভাগ সম্পর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জারি হওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, ওই বিচারকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন এবং উসকানি দিয়েছেন। এতে তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দ্বারা জারি করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন। এই ধরনের কার্যকলাপকে অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য করা হচ্ছে।
শোকজ নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এ কার্যকলাপের মাধ্যমে তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২ (চ) (২) লঙ্ঘন করেছেন, যা চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ৩ (২) অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
