‘আজ রাতে একটি সভ্যতার মৃত্যু’— ট্রাম্পের হুমকিতে উত্তেজনা চরমে, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।”

ট্রাম্প তার পোস্টে লেখেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।” তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।

অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে কোনো দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব, যাতে তারা এবং তাদের মিত্ররা এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হয়।” এই হুঁশিয়ারি আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আইআরজিসি স্পষ্ট করে জানায়, যদি মার্কিন সেনারা তাদের নির্ধারিত ‘রেড লাইন’ অমান্য করে, তাহলে ইরানের প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে না। বরং আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হতে পারে এই প্রতিশোধমূলক ব্যবস্থা।

তাদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য মার্কিন হামলার বিপরীতে ইরান শুধু প্রতিরোধই নয়, বরং বৈশ্বিক পরিসরে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতিও সম্পন্ন করেছে। ফলে হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট এই উত্তেজনা এখন বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা